হিলারিকে ‘নিশানা’ করে বই লিখলেন জুনিয়র ট্রাম্প

একদিকে আসছে নির্বাচন। আরেক দিকে ইমপিচমেন্ট বা অভিশংসনের ঝুঁকিতে ডোনাল্ড ট্রাম্প। এমন পরিস্থিতিতে নিজের লেখা একটি বইয়ে হিলারি ক্লিনটনের সমালোচনা করেছেন তার ছেলে। বইটির নাম ‘ট্রিগার্ড: হাউ দ্য লেফট থ্রাইভস অন হেট অ্যান্ড ওয়ান্টস টু সাইলেন্স আস’।

বইয়ের উৎসর্গপত্রে লেখা, ‘হতভাগ্যদের জন্য।’ এটি দেখেই বোঝা যায় হিলারিকে খোঁটা দিয়েছেন। কারণ ২০১৬ সালে প্রেসিডেন্ট নির্বাচনের আগে ট্রাম্প সমর্থকদের এমন তকমা দিয়েছিলেন এই নেত্রী!

জুনিয়র ট্রাম্প বইটির মুখবন্ধে লিখেছেন, ‘অভিজাত বামপন্থীরা কোনো দিন এই বই আপনাকে পড়তে দেবে না।’

গতকাল প্রকাশ হওয়ার পর ২৪ ঘণ্টা পেরোনোর আগেই বইটি আমাজনের সর্বাধিক বিক্রীতের তালিকার তিনে পৌঁছে গেছে।

বাবার মতো ছেলেও এই বইয়ে বিরোধীদের পাশাপাশি একহাত নিয়েছেন দেশের একটা বড় অংশের সংবাদমাধ্যমকে।

আগামী সপ্তাহ থেকে শুরু হচ্ছে ট্রাম্পের ইমপিচমেন্ট শুনানি। ইমপিচমেন্ট-কাঁটা থাকলেও, প্রচার শুরু করে দিয়েছেন রিপাবলিকানরা। টিভি ক্যামেরার সামনেই জুনিয়র ট্রাম্প বলেন, ‘যাদের সম্পূর্ণ বিশ্বাস করা যায়, বাবার আশপাশে এমন লোকের সংখ্যা সত্যিই খুব কম।’