প্রথম সিনেমায় পরিচালকের যৌন হেনস্তার শিকার এই ফরাসি নায়িকা

মিটু ঝড়ে কেঁপে উঠল ফরাসি চলচ্চিত্র জগৎ। দেশটির প্রখ্যাত চলচ্চিত্র নির্মাতা ক্রিসোফ রুজার বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ এনেছেন পুরস্কার প্রাপ্ত ফরাসি নায়িকা এডেলে হিনেল।

বিবিসি জানায়, সম্প্রতি এক সাক্ষাৎকারে এডেলে প্রকাশ করেন, জীবনের প্রথম সিনেমার পরিচালকের হাতে যৌন নিপীড়নের স্বীকার হয়েছিলেন তিনি।

মাত্র ১২ বছর বয়সে পরিচালক ক্রিসোফ রুজার সিনেমা দ্য ডেভিল সিনেমায় অভিনয় করেছিলেন হিনেল। সেখানে তিনি বুদ্ধিপ্রতিবন্ধী এক এতিম শিশুর চরিত্রে অভিনয় করেন। ভাইয়ের সঙ্গে বাবা-মাকে খুঁজতে বের হতে দেখা যায় তাকে।

সিনেমাটিতে অভিনয়ের সময় রুজারের যৌন নিপীড়নের শিকার হন বলে দাবি করেন এডেলে।  

বর্তমানে ৩০ বছর বয়সী এই নায়িকা জানান, লিভিং নেভারল্যান্ড তথ্যচিত্রটি দেখার পর তিনি সিদ্ধান্ত নেন, কৈশোরে ঘটে যাওয়া ঘটনা নিয়ে মুখ খুলবেন তিনি। প্রয়াত সংগীত তারকার মাইকেল জ্যাকসনের যৌন নিপীড়নের স্বীকার হওয়া শিশুদের নিয়ে এই তথ্যচিত্র নির্মিত হয়।

মিডিয়াপার্ট নিউজের ওয়েবসাইটকে দেওয়া সাক্ষাৎকারটিতে হিনেল বলেন, ‘তিনিই আমাকে প্রথম স্পর্শ করেছিলেন এবং চুমু খাওয়ার চেষ্টা করেছিলেন। এই ঘটনায় ১৫ বছর বয়সে আমি গভীর আবেগজনিত সংকটে পড়ি। আমি তার সঙ্গে সম্পর্ক ছিন্ন করার চেষ্টা করি এবং তার সহকর্মীদের কাছ থেকে সহায়তা চাই, যদিও তাদের কয়েকজনের কাছে আমি সহানুভূতি পাই।’

এদিকে যৌন নিপীড়নের অভিযোগ ওঠায় ক্রিসোফকে দেশটির চলচ্চিত্র নির্মাতাদের সংগঠন সোসাইটি অব ফ্রেঞ্চ ফিল্ম ডাইরেক্টরস থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। তিনি একাধিক সময় সংগঠনটির কো-প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করেন।

এদিকে এই যৌন নিপীড়নের অভিযোগ অস্বীকার করেছেন রুজার। তবে হিনেলের প্রতি তার আচরণে ত্রুটি ছিল বলে স্বীকার করেন তিনি।

হিলেনের অভিনীত সিনেমার সংখ্যা ২৫টি। এর মধ্যে দুইটি সিনেমায় অভিনয়ের জন্য তিনি সিজার পুরস্কার পেয়েছেন। ফরাসি চলচ্চিত্র জগতের পুরস্কারটিকে অস্কারের সঙ্গে তুলনা করা হয়ে থাকে সিজারকে।