দক্ষিণ আফ্রিকায় ডাকাতের দেওয়া আগুনে দগ্ধ হয়ে চিকিৎসাধীন অবস্থায় আরেক বাংলাদেশি প্রবাসী যুবক মারা গেছেন। বাংলাদেশ সময় বুধবার দুপুর ২টার দিকে রহিম খান (৩৮) নামে ওই যুবক মারা যান। রহিম খান শিবচরের চরশ্যামাইল এলাকার আব্দুল কাশেম খানের ছেলে।
নিহতের ছোট ভাই শফিকুর রহমান দেশ রূপান্তরকে বলেন, ‘আমার ভাই হাসপাতালে চিকিৎসাধীন ছিল। গত বুধবার তার মৃত্যুর খবর পাই।’
দক্ষিণ আফ্রিকায় একটি দোকানে একসঙ্গে কাজ করতেন ইমরান ও রহিম। তারা দুজনই মাদারীপুরের শিবচরের বাসিন্দা। গত ২১ অক্টোবর ওই দোকানে হামলা করে ডাকাতদের সশস্ত্র একটি দল। ডাকাতি শেষে দোকানে আটকে রেখে বাইরে থেকে পেট্রল ঢেলে আগুন ধরিয়ে দেয় তারা। এতে দগ্ধ হন ইমরান খলিফা ও রহিম খান নামে দুই যুবক। পরে তাদের হাসপাতালে ভর্তি করে স্থানীয়রা। ঘটনার পরদিন চিকিৎসাধীন অবস্থায় ইমরান মারা যান। আর হাসপাতালে ভর্তি হওয়ার ১৬ দিন পর মারা গেলেন রহিম।