আমিরের আগে ফরেস্ট গাম্প রিমেকে ছিলেন অনিল-শাহরুখ!

লোগো উন্মোচিত হলো  হলিউডের বিখ্যাত ছবি ফরেস্ট গাম্পের বলিউড রিমেক লাল সিং চাড্ডার। অস্কারজয়ী টম হ্যাঙ্কসের জায়গায় আমির খান অভিনয় করছেন রিমেকটিতে।

তবে চমকে যাওয়া তথ্য হচ্ছে, ২০ বছর আগে হলিউডের এই ব্যবসাসফল ছবি রিমেক হওয়ার কথা ছিল বলিউডে। ১৯৯৪ সালে মুক্তি পাওয়া ফরেস্ট গাম্পের রিমেক বানানোর পরিকল্পনা নিয়েছিলেন নির্মাতা কুন্দান শাহ। যিনি জানে ভি দো ইয়ারো, কাভি হা কাভি না, কিয়া ক্যাহনাসহ একাধিক ছবির নির্মাতা।

বলিউড লাইফ জানায়, শুরুতে টম হ্যাঙ্কসের চরিত্রটি অনিল কাপুরের কথা ছিল। এরপর তাকে বাদ দিয়ে শাহরুখ খানকে নিয়েছিলেন কুন্দান শাহ। কিন্তু দুর্ভাগ্যবশত শুটিং ফ্লোরে যাওয়ার আগেই বন্ধ হয়ে যায় রিমেকটি। কুন্দন শাহও বিষয়টি নিশ্চিত করেন। 

শিগগিরই শুরু হচ্ছে লাল সিং চাড্ডার শুটিং। কাহিনিকে নিখুঁতভাবে ফুটিয়ে তুলতে ভারতের বিভিন্ন জায়গায় একশ’ শুটিং লোকেশন নির্ধারণ করা হয়েছে। যার মধ্যে আছে দিল্লি, গুজরাট, মুম্বাই, কলকাতা, বেঙ্গালুরু ও হায়দরাবাদের আকর্ষণীয় সব জায়গা। কয়েকটি নতুন রাজ্যে প্রথমবারের মতো শুটিং করবেন আমির। 

অতুল কুলকার্নির কাহিনিতে সিনেমাটি পরিচালনা করছেন অদ্বৈত চন্দন। ২০২০ সালে ক্রিসমাস ডে'তে মুক্তি পাবে। অভিনয়ের পাশাপাশি ছবিটি প্রযোজনা করছেন আমির।