রাজধানীর জাতীয় প্রেসক্লাবের বিপরীত পাশের ক্যাফে ঝিল সংলগ্ন রাস্তায় বাসচাপায় রিনা বেগম (৬০) নামের এক নারী মারা গেছেন।
বৃহস্পতিবার বিকেল সাড়ে ৫টার দিকে এ দুর্ঘটনা ঘটে। গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক সাড়ে ৬টার দিকে মৃত ঘোষণা করেন।
পথচারী আক্কাস আলী জানান, ক্যাফে ঝিল হোটেলের সামনে রাস্তা পার হওয়ার সময় পল্টনগামী বিকল্প পরিবহনের একটি বাস তার ওপর দিয়ে চলে যায়। পরে বাসটি আটক করা হয় আর ওই নারীকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়।
নিহতের ছেলে মো. রানা জানান, পুরান ঢাকার আগাসাদেক রোডের ১৪৩ নাম্বার বাসায় থাকেন তারা। তার বাবার নাম মৃত বাবুল মিয়া। তারা দুই ভাইবোন। ছোটবোন রুনা আক্তার। সে সেগুনবাগিচায় থাকে। তার মা আজকেই মেয়ের বাসায় যান। বিকেলে সেখান থেকেই পায়ে হেঁটে নিজের বাসায় ফিরছিলো। তখনই দুর্ঘটনার শিকার হন।
ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের সহকারী ইনচার্জ (এএসআই) আব্দুল খান জানান, ময়নাতদন্তের জন্য লাশ মর্গে রাখা হয়েছে। শাহবাগ থানা পুলিশকে বিষয়টি জানানো হয়েছে।