ঢাকা লিট ফেস্ট শুরু

ফিকশন ছোট ছোট জিনিসকে বড় পরিসরে ধরা : মনিকা

রাজধানীর বাংলা একাডেমি প্রাঙ্গণে গতকাল বৃহস্পতিবার থেকে শুরু হলো তিন দিনব্যাপী ঢাকা লিট ফেস্ট ২০১৯। উদ্বোধনী পর্ব শুরু হয় লালন সাঁইয়ের সুরের আবহে। পরে মঞ্চে উদ্বোধনী নৃত্য পরিবেশন করে সাধনার শিল্পীরা। লিট ফেস্টের আনুষ্ঠানিক উদ্বোধন করেন সংস্কৃতি প্রতিমন্ত্রী কে এম খালিদ ও ম্যানবুকার পুরস্কারের চূড়ান্ত তালিকায় স্থান পাওয়া সাহিত্যিক মনিকা আলী।

সংস্কৃতি প্রতিমন্ত্রী কে এম খালিদ বলেন, ‘৯ বছর আগে যে ‘হে উৎসব’ বিশ্বসাহিত্য থেকে বাংলাকে সমৃদ্ধ করার উৎসব ছিল, ‘লিট ফেস্ট’ হিসেবে সেই উৎসবই এখন বাংলা সাহিত্য দ্বারা বিশ্বসাহিত্যকে সমৃদ্ধ করছে।’ উদ্বোধনী পর্বে আরও ছিলেন বাংলা একাডেমির মহাপরিচালক হাবীবুল্লাহ সিরাজী, ঢাকা লিট ফেস্টের পরিচালক সাদাফ সায্, কাজী আনিস আহমেদ এবং আহসান আকবর, টাইটেল স্পন্সর বাংলা ট্রিবিউনের সম্পাদক জুলফিকার রাসেল ও ঢাকা ট্রিবিউনের সম্পাদক জাফর সোবহান।

উদ্বোধনী আনুষ্ঠানিকতার পর শুরু হয় ‘প্ল্যানারি ফিকশন : রেজিস্ট্যানস অর রিফিউজ’ নামক সেশন। এতে উপস্থিত ছিলেন সাহিত্যিক মনিকা আলীসহ পাঁচ দেশের পাঁচ নারী লেখক। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ভারতীয় লেখক সুমনা রায়। বাকিরা হলেন ব্রাজিলীয় লেখক মারিয়া ফিলোমেনা বইসো লেপেসকি, ফিনল্যান্ডের মিন্না লিন্ডগ্রেন, ব্রিটিশ-ব্রাজিলীয় জারা রদ্রিগেজ ফাউলার। সুমনা রায় শুরুতেই প্রশ্ন করেন, ফিকশন কী? এর জবাবে মনিকা আলী বলেন, ‘ফিকশন হলো ছোট ছোট জিনিসকে আবেগ ও কাব্যিকতার ছোঁয়ায় বড় পরিসরে ধরা।’ তার মতে, ‘সাহিত্যিক পরিচর্যায় যেকোনো ক্ষুদ্র জিনিস বড় পরিসরে তুলে ধরা যায়।’ মিন্না লিন্ডগ্রেন বলেন, ‘সোশ্যাল লাইফের গল্পকে তুলে ধরা আমার কাজ। আমি বয়স্ক মানুষের গল্প লিখি।’

জেমকন সাহিত্য পুরস্কার প্রদান : এদিন বিকেল ৪টায় আবদুল করিম সাহিত্য বিশারদ মিলনায়তনে দেওয়া হয় জেমকন তরুণ সাহিত্য পুরস্কার। অভিষেক সরকারের ছোটগল্প ‘নিষিদ্ধ’ এবং রফিকুজ্জামান রণির ‘ধোঁয়াশার তামাটে রঙ’ কবিতার পা-ুলিপির জন্য তাদের পুরস্কৃত করা হয়। জেমকন গ্রুপের পরিচালক কাজী আনিস আহমেদ তাদের হাতে পুরস্কার হিসেবে এক লাখ টাকা ও ক্রেস্ট তুলে দেন।