চীনে সেনাপ্রধান

প্রতিরক্ষামন্ত্রী ও গ্রাউন্ড ফোর্সের কমান্ডারের সঙ্গে সাক্ষাৎ

চীন সফররত বাংলাদেশ সেনাবাহিনী প্রধান জেনারেল আজিজ আহমেদ গত মঙ্গলবার দেশটির রাজধানী পেইচিং-এ অবস্থিত ন্যাশনাল ডিফেন্স ইউনিভার্সিটি পরিদর্শন করেন। পরবর্তী সময়ে তিনি পিপলস লিবারেশন আর্মি গ্রাউন্ড ফোর্সের কমান্ডার জেনারেল হান উয়েগোর সঙ্গে সাক্ষাৎ করেন। সাক্ষাৎকালে দ্বিপক্ষীয় সম্পর্ক উন্নয়ন, প্রশিক্ষণ বিনিময়, যৌথ অনুশীলন এবং বাস্তুচ্যুত রোহিঙ্গা সমস্যা সমাধানের উপায় নিয়ে আলোচনা হয়। আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) এই তথ্য জানিয়েছে।

আইএসপিআর আরও জানায়, গত বুধবার সেনাবাহিনী প্রধান চীনের প্রতিরক্ষামন্ত্রী উয়েই ফেংর সঙ্গে সাক্ষাৎ করেন। এ সময় তারা বাংলাদেশ ও চীনের মধ্যে বিদ্যমান সুসম্পর্কের উন্নয়ন এবং দ্বিপক্ষীয় সামরিক সহযোগিতামূলক বিভিন্ন বিষয়ের পাশাপাশি জোরপূর্বক বাস্তুচ্যূত রোহিঙ্গা ইস্যু নিয়ে বিস্তারিত আলোচনা করেন। তিনি বলেন, রোহিঙ্গারা বিভিন্ন ধরনের অপরাধ প্রবণতা ও সন্ত্রাসী কর্মকাণ্ডের জড়িয়ে যাচ্ছে যা বাংলাদেশ-মিয়ানমার তথা দক্ষিণ এশিয়ার আঞ্চলিক শান্তি ও নিরাপত্তার জন্য হুমকিস্বরূপ। সেনাপ্রধান উল্লেখ করেন, বাংলাদেশ এবং মিয়ানমার উভয় রাষ্ট্রের জন্যই চীন অত্যন্ত বন্ধুপ্রতিম রাষ্ট্র।