রাজ চক্রবর্তীকে এত দিন বলা হতো ‘রিমেক মাস্টার’। দক্ষিণী সিনেমা থেকে গল্প টুকে ছবি বানাতেন বলে তার বিরুদ্ধে অভিযোগ ছিল।
এবার উল্টোটা হচ্ছে। কলকাতার একাধিক সংবাদমাধ্যম জানায়, রাজ চক্রবর্তীর সিনেমা হিন্দিতে রিমেক হতে যাচ্ছে।
কিছুদিন আগেই মুক্তি পেয়েছে তার ছবি ‘পরিণীতা’। প্রধান দুই চরিত্র মেহুল ও বাবাইদার প্রেমে মজেছেন পশ্চিমবঙ্গের দর্শক। মেহুলের চরিত্রে শুভশ্রীর অভিনয়ের প্রশংসা পেয়েছিলেন বেশ। এটি ছিল রাজ চক্রবর্তীকে বিয়ের পর নায়িকার কামব্যাক ছবি।
এখনো বেশ কিছু প্রেক্ষাগৃহে চলছে ‘পরিণীতা’। এই সিনেমাই রিমেক হতে চলেছে হিন্দিতে। একটি বড় প্রযোজনা সংস্থা ছবিটির দায়িত্ব নিয়েছে। বলিউডের পরিচিত মুখের দেখা যাবে মুখ্য চরিত্রে।
রাজ জানিয়েছেন, আপাতত টাকাপয়সা নিয়ে কথাবার্তা চলছে মুম্বাইয়ের নির্মাতার সঙ্গে। শিগগিরই আসবে চূড়ান্ত ঘোষণা।
সাম্প্রতিক সময়ে কলকাতার বেশ কিছু ছবির রিমেক সত্ত্ব বিক্রি হয়েছে বা বিক্রির আলোচনা চলছে। এর মধ্যে আছে কণ্ঠ, ভিঞ্চিদা, ময়ূরাক্ষী ও চকোলেট। এর আগে রামধনু, হামি ও রাজকাহিনির রিমেক হয়েছে ভারতের অন্য রাজ্যের ভাষায়।