ব্রাদার্স ইউনিয়নে রবিবার খোকার কুলখানি

বীর মুক্তিযোদ্ধা, বিএনপির ভাইস চেয়ারম্যান ও অবিভক্ত ঢাকা সিটি করপোরেশনের সাবেক মেয়র প্রয়াত সাদেক হোসেন খোকার কুলখানি অনুষ্ঠিত হবে রবিবার। মতিঝিলের আরামবাগে ব্রাদার্স ইউনিয়ন ক্লাবে বাদ আসর এ কুলখানি অনুষ্ঠিত হবে।

শুক্রবার দেশ রূপান্তরকে নিশ্চিত করেছেন খোকার বন্ধু ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। দলমত-নির্বিশেষে সবাইকে খোকার কুলখানিতে অংশ নিয়ে তার বিদেহী আত্মার মাগফিরাত কামনার জন্য অনুরোধও জানান তিনি।

খোকা দীর্ঘদিন ব্রাদার্স ক্লাব পরিচালনা কমিটির সঙ্গে সম্পৃক্ত ছিলেন। তিনি ক্লাবের অন্যতম পৃষ্ঠপোষক ছিলেন।

গত সোমবার বাংলাদেশ সময় দুপুর ১টা ৫০মিনিটে যুক্তরাষ্ট্রের ম্যানহাটনের মেমোরিয়াল স্লোয়ান ক্যাটারিং ক্যানসার সেন্টারে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। গত বৃহস্পতিবার সকালে এমিরেটস এয়ারলাইনসের একটি নিয়মিত ফ্লাইটে তার মরদেহ ঢাকায় আনা হয়। ঢাকায় চার দফা নামাজে জানাজা শেষে সন্ধ্যায় রাষ্ট্রীয় মর্যাদায় মায়ের কবরে খোকার দাফন সম্পন্ন হয়।