হরিপুরে ১৪৪ ধারা উপেক্ষা করে আ.লীগের বর্ধিত সভা

ঠাকুরগাঁওয়ের হরিপুরে ১৪৪ ধারা উপেক্ষা করে উপজেলার ডাঙ্গীপাড়া ইউনিয়ন আওয়ামী লীগের বর্ধিত সভা হয়েছে। গতকাল শুক্রবার সকাল ৯টায় ইউনিয়ন আওয়ামী লীগের আয়োজনে বর্ধিত সভাটি চৌরঙ্গী বালিকা উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হয়।

ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মনিরুজ্জামান মনিরের সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট মোজাফ্ফর আহম্মেদ। অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আনোয়ার হোসেন, ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অনিল চন্দ্র বর্মণ, সাংগঠনিক সম্পাদক আবু হায়দারসহ ইউনিয়ন আওয়ামী লীগের নেতৃবৃন্দ।

উপজেলা নির্বাচনে নৌকার পক্ষে-বিপক্ষে নির্বাচন করা নিয়ে উপজেলা আওয়ামী লীগ দ্বিধা বিভক্ত হয়ে পড়ে। আধিপত্য বিস্তার ও বর্ধিত সভাকে কেন্দ্র করে কয়েক দিন ধরে উপজেলার ছয়টি ইউনিয়নে দুই পক্ষের লোকজন মহড়া দেয়। 

এক পক্ষের নেতৃত্বে আছেন উপজেলা পরিষদ চেয়ারম্যান জিয়াউল হাসান ও অন্যপক্ষে আছেন উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান আবদুল কাইয়ুম পুষ্প।

আবদুল কাইয়ুম পুষ্প অভিযোগ করেন, জিয়াউল হাসান জামায়াত-বিএনপির লোকজনকে দলে এনে বিভিন্ন ওয়ার্ড ও ইউনিয়নে পকেট কমিটি করছেন। আর দলের ত্যাগী নেতাদের নৌকার বিপক্ষে ভোট করার অভিযোগ তুলে বহিষ্কার করছেন। এতে দলে বিভেদ তৈরি হচ্ছে।

এসব অভিযোগ অস্বীকার করে জিয়াউল হাসান বলেন, আবদুল কাইয়ুম পুষ্পসহ ১৭ জন উপজেলা পরিষদ নির্বাচনে নৌকার বিপক্ষে নির্বাচন করেছে। তাদের বহিষ্কার করায় তারা এখন বিরুদ্ধে অবস্থান নিয়েছে।  এদিকে স্থানীয় জনসাধারণ, ছাত্রছাত্রী ও চলমান জেএসসি-জেডিসি পরীক্ষার্থীদের মধ্যে আতঙ্ক তৈরি হওয়ায় এবং জনসাধারণের জানমালের নিরাপত্তার বিঘœ ঘটার আশঙ্কায় উপজেলার ছয়টি ইউনিয়নে বৃহস্পতিবার সকাল থেকে উপজেলায় অনির্দিষ্টকালের জন্য উপজেলা প্রশাসন ১৪৪ ধারা জারি করে। উপজেলা নির্বাহী কর্মকর্তা আবদুল করিম এ আদেশ জারি করেন।

ঠাকুরগাঁও জেলা প্রশাসক একেএম কামরুজ্জামান সেলিম বলেন, নিরাপত্তার স্বার্থে ওই উপজেলায় ১৪৪ ধারা জারি করা হয়েছে। রাজনৈতিক পরিস্থিতি স্বাভাবিক হলেই তা প্রত্যাহার করা হবে বলে জানান তিনি।