সমাপনী পরীক্ষা বর্জনের ঘোষণা প্রত্যাহার শিক্ষকদের

প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সাক্ষাৎ করিয়ে দেওয়ার শর্তে সমাপনী পরীক্ষা বর্জন কর্মসূচি প্রত্যাহার করেছেন প্রাথমিক স্কুলের শিক্ষকরা।

শুক্রবার সন্ধ্যায় এক বৈঠক শেষে এই সিদ্ধান্ত জানিয়েছেন শিক্ষকরা। এর আগে, সকাল ১০টায় ঢাকার পুরানা পল্টন মুক্তি ভবনে বাংলাদেশ প্রাথমিক শিক্ষক ঐক্য পরিষদের সাধারণ সভা অনুষ্ঠিত হয়। ১৪টি সংগঠনের জোট বাংলাদেশ প্রাথমিক শিক্ষক ঐক্য পরিষদের ডাকে সহকারী শিক্ষকদের ১১তম গ্রেড ও প্রধান শিক্ষকদের ১০ম গ্রেড এর দাবিতে প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষা বর্জনের কর্মসূচি ঘোষণার পর এই বিষয়ে ৬৪ জেলার শিক্ষক প্রতিনিধিদের নিয়ে এই সভা অনুষ্ঠিত হয়।

আগামী ১৩ নভেম্বরের মধ্যে দাবি আদায় না হলে সমাপনী পরীক্ষা বর্জনের হুঁশিয়ারি দেওয়ার পর প্রাথমিক গণশিক্ষা মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী জাকির হোসেন এমপি, সচিব আকরাম আল হোসেন ও প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক ড. এএফএম মঞ্জুর কাদির ভিন্ন ভিন্ন সময়ে আন্দোলনরত ঐক্য পরিষদ নেতৃবৃন্দের সাথে কয়েক দফায় বৈঠক করেন। সর্বশেষ ৭ নভেম্বর বাংলাদেশ সচিবালয়ে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সভা কক্ষে বৈঠক অনুষ্ঠিত হয়।

প্রাথমিক শিক্ষক ঐক্য পরিষদের ৬৪ জেলার প্রতিনিধিদের নিয়ে অনুষ্ঠিত শুক্রবারের সাধারণ সভায় সমাপনী পরীক্ষা বর্জনের বিষয়ে বিস্তারিত আলোচনার পর সর্বসম্মতিক্রমে সিদ্ধান্ত হয়। 

এ বিষয়ে ঐক্য পরিষদের আহ্বায়ক মো. আনিসুর রহমান দেশ রূপান্তরকে বলেন, যেহেতু প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী, সচিব ও অধিদপ্তরের ডিজি শিক্ষকদের দাবির বিষয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাতের বিষয়ে একমত আছেন এবং এই সাক্ষাতের জন্য তারা সর্বাত্মক চেষ্টা চালিয়ে যাচ্ছেন, তাই তাদের অনুরোধের প্রেক্ষিতে, তাদের প্রতি আস্থা রেখে এবং প্রধানমন্ত্রীর প্রতি যথাযথ সম্মান রেখে, ৩০ লাখ পরীক্ষার্থীর ভবিষ্যৎ চিন্তা করে ঘোষিত প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষা বর্জন কর্মসূচি প্রত্যাহার করছি।

তবে আগামী ১৭ ডিসেম্বরের মধ্যে প্রধানমন্ত্রীর সাক্ষাৎ এবং দাবি পূরণ না হলে পরবর্তীতে সংবাদ সম্মেলনের মাধ্যমে লাগাতার কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে বলেও জানান তিনি।