স্কুলছাত্রের ঝুলন্ত লাশ

রাজধানীর পরীবাগের নিজ বাসা থেকে এক স্কুলছাত্রের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। গতকাল শুক্রবার সকাল সাড়ে ৮টার দিকে মোতালেব টাওয়ার-২-এর ৯মতলা থেকে আলহাজ উদয় বিন নূর অগ্নি নামে ওই স্কুলছাত্রের লাশ উদ্ধার করা হয়। অগ্নি গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে বলে পুলিশ জানিয়েছে।

অগ্নির বাড়ি পটুয়াখালীর গলাচিপা উপজেলার সাগরদী বোর্ড বাজার এলাকায়। বাবা সোহাগ হাজারী ও মা ঢাকা সাংবাদিক ইউনিয়নের সদস্য লুপা তালুকদার। পরিবারের সঙ্গে পরীবাগের ওই বাসাতেই থাকত অগ্নি। রায়েরবাজার লায়ন স্কুল অ্যান্ড কলেজের ১০ম শ্রেণির ছাত্র ছিল সে। নিহতের পরিবারের সদস্যদের বরাত পুলিশ জানায়, পরিবারিক কলহের জেরে শুক্রবার ভোরে নিজ কক্ষের জানালার পর্দার সঙ্গে গলায় ফাঁস দেয় অগ্নি। সকালে পরিবারের সদস্যরা সেটি দেখতে পেয়ে পুলিশকে খবর দেয়। পরে পুলিশ এসে তার ঝুলন্ত লাশটি উদ্ধার করে।