গত ৬ নভেম্বর দৈনিক দেশ রূপান্তর পত্রিকায় ‘ফরিদের থাবা সবুজবাগজুড়ে’ শিরোনামে প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানিয়েছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) ৫ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর আশ্রাফুজ্জামান ফরিদ। এক প্রতিবাদ লিপিতে তিনি বলেন, ‘আমার ৫ নম্বর ওয়ার্ড এলাকায় কোনো ধরনের দখল ও কমিউনিটি সার্ভিস নামে টাকা তোলার সঙ্গে আমি জড়িত নই। আমি কোনো আবাসন ব্যবসায়ীর কাছ থেকে টাকা নেই না। আমার ভাই মুরাদ কোনো ধরনের ভিওআইপি ব্যবসার সঙ্গে জড়িত না। আমার সহযোগী মজিবুর বহু আগে থেকেই আওয়ামী লীগ করে। তিনি ফ্রিডম পার্টির নেতা ছিলেন না। লেগুনা-টেম্পো বা ব্যাটারিচালিত কোনো যানবাহন থেকে আমি টাকা নেই না। ৩৮/৮ মায়াকানন ফ্ল্যাটটি আমি কাউন্সিলর নির্বাচিত হওয়ার আগেই কিনেছি। এছাড়া অন্য কোথাও আমি প্লট বা জমি দখল করিনি।
প্রতিবেদকের বক্তব্য : প্রকাশিত সংবাদটি সঠিক তথ্য-উপাত্তের ভিত্তিতেই তৈরি করা হয়েছে। ডিএসসিসির ৫ নম্বর এলাকায় সরেজমিন ঘুরে সাধারণ মানুষ ও আওয়ামী লীগ নেতাকর্মীদের সঙ্গে কথা বলে তৈরি করা হয়েছে। এখানে প্রতিবেদকের কোনো ব্যক্তিগত তথ্য বা মতামত নেই।