শিল্পী শাহীনুর রহমানের চিত্রকলা, ডিজাইন করা নাটকের সেট ও পোস্টার প্রদর্শনী অনুষ্ঠিত হলো রাজধানীর সেগুনবাগিচার জাতীয় নাট্যশালায়। গতকাল শুক্রবার দিনব্যাপী এ প্রদর্শনীতে শাহীনুর রহমানের ৪০০টিরও বেশি চিত্রকর্ম, ৫টি নাটকের সেট প্রদর্শন করা হয়। পাশাপাশি ছিল আলোচনা, তথ্যচিত্র ও নাটকের প্রদর্শনী।
শিল্পীর ৫০তম জন্মবার্ষিকী উপলক্ষে বেলা ১১টায় শুরু হয় আয়োজন। প্রথম পর্বে শাহীনুর রহমানের আঁকা ছবি ও লেখার বই ‘দ্বৈতাদ্বৈত’র মোড়ক উন্মোচন করা হয়। এ ছাড়া বন্ধুরা শাহীনুর রহমানকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান। এ সময় শাহীনুর রহমান বলেন, ‘কিছুদিন আগে আমি ভীষণ রকম শারীরিক অসুস্থ ছিলাম, সে সময় জীবন সম্পর্কে আমার নেতিবাচক ধারণা হয়েছিল, একধরনের হতাশা কাজ করেছিল। এই আয়োজন জীবন সম্পর্কে নতুন করে ভাবতে শেখাচ্ছে। জীবনকে উদ্যাপন করতে শিখিয়েছে।’
উপস্থিত ছিলেন জন্মবার্ষিকী উদ্যাপন পর্ষদের আহ্বায়ক ও অনুস্বর নাট্যদলের প্রধান ড. মোহাম্মদ বারী, সদস্য সচিব নাট্যজন তারেকুল ইসলাম, নাট্যনির্দেশক ফয়েজ জহির, অনন্ত হিরা, থিয়েটারওয়ালা সম্পাদক হাসান শাহরিয়ার, লেখক-সাংবাদিক রাজীব নূর, বাতিঘরের প্রকাশক দীপংকর দাশ, নাট্যনির্মাতা শ্রাবণী ফেরদৌস, অভিনেতা প্রশান্ত হালদার, চিত্রশিল্পী সাবিরা শাহীনুর পল্লবী, গবেষক-সাংবাদিক তরুণ সরকার প্রমুখ। বেলা ৩টায় নাট্যশালার মূল মঞ্চে শাহীনুর রহমানের শিল্পকর্ম ও জীবন নিয়ে আলোচনা অনুষ্ঠিত হয়। নাট্যনির্দেশক ও অভিনেতা আজাদ আবুল কালামের সঞ্চালনায় এতে অংশ নেন বিপ্লব বালা, কবি আলফ্রেড খোকন, সাংবাদিক নজরুল কবিরসহ অনেকে। আলোচনার আগে শাহীনুর রহমানের শিল্পকর্ম ও জীবন নিয়ে শুভ্র খান নির্মিত একটি তথ্যচিত্র দেখানো হয়। এরপর সন্ধ্যা সাতটায় মঞ্চস্থ হয় অনুস্বর নাট্যদলের নাটক ‘অনুদ্ধারণীয়’। বুদ্ধদেব বসুর উপন্যাস থেকে এটি নির্দেশনা দিয়েছেন মোহাম্মদ বারী। এ নাটকের সেট ডিজাইন করেছেন শাহীনুর রহমান।