বখাটেপনায় বিরক্ত হয়ে সাইফকে চাকরিতে পাঠান বাবা

তরুণ বয়সে বলিউড তারকা সাইফ আলী খানকে একটি বিজ্ঞাপন সংস্থায় কাজ করতে পাঠিয়েছিলেন তার বাবা কিংবদন্তি ক্রিকেটার মনসুর আলী খান পতৌদি। সম্প্রতি সংবাদমাধ্যমকে বিষয়টি জানান ‘সেক্রেড গেম’ অভিনেতা নিজেই।

অতিরিক্ত পার্টিপ্রীতির জন্যই এই সিদ্ধান্ত নিয়েছিলেন পতৌদি। ছেলের জীবনযাপনে সেই সময় বেশ বিরক্ত হয়ে উঠেছিলেন তিনি, সাইফকে জোর করেই পাঠান চাকরিতে।

সাইফ জানান, কিশোর বয়সে ও যৌবনের প্রথম দিকটায় তিনি বাবা-মায়ের নেকনজরে ছিলেন না। ছেলে উচ্ছন্নে চলে যাচ্ছে ভেবে অত্যন্ত উদ্বিগ্ন থাকতেন তারা। একটা সময় দিল্লির একটি পাঁচতারকা ডিসকোতে বেশি সময় কাটাতে শুরু করেন। ওই নেশা ছাড়ানোর জন্যই ছেলেকে চাকরি করতে পাঠিয়েছিলেন পতৌদি।

গাড়িতে নয়, বাসে চাপিয়ে পতৌদি ছেলেকে পাঠিয়েছিলেন একটি বিজ্ঞাপন সংস্থায়। সেখানে সাইফের কাজ ছিল বিড়লার মতো প্রতিষ্ঠানের জন্য ধর্মীয় ক্যালেন্ডার তৈরি করা। সাইফ জানান, বিষ্ণুর ছবি অক্টোবরে দেওয়া হবে নাকি নভেম্বরে- সেই সিদ্ধান্ত নেওয়াটাই নাকি ছিল তার প্রধান কাজ। তাই খুব তাড়াতাড়িই চাকরিজীবনে ইতি টানেন।

ইংল্যান্ডের নামী প্রতিষ্ঠানে পড়াশোনা করেছেন সাইফ, কিন্তু বাবা-মায়ের ইচ্ছামতো অক্সফোর্ডে উচ্চশিক্ষা নিতে যাওয়া হয়নি। স্কুলে পড়ার সময়েও তার সম্পর্কে নানা অভিযোগ ছিল। প্রথম থেকেই তিনি ছিলেন ছক ভাঙা। আত্মবিশ্বাসেরও অভাব ছিল। ফিল্ম ইন্ডাস্ট্রিতে আসার সময়েও তিনি নিজেকে নিয়ে খুবই সংশয়ে থাকতেন। ওই সময়ে প্রথম স্ত্রী অমৃতা তাকে খুবই সাহায্য করেছিলেন।