রেকর্ড দাবানলে জ্বলছে পূর্ব অস্ট্রেলিয়া, নিহত ৩

রেকর্ড মাত্রায় দাবানলে জ্বলছে অস্ট্রেলিয়ার পূর্বাঞ্চল। এ ঘটনায় অন্তত তিনজন নিহত হয়েছে, নিখোঁজ রয়েছে অন্তত সাত ব্যক্তি।

দ্য গার্ডিয়ান জানায়, ভয়াবহ দাবানলে পুড়ছে নিউ সাউথ ওয়েলস অঙ্গরাজ্যের কয়েক হাজার হেক্টর ভূমি। আগুনে ধ্বংস হয়ে গিয়েছে দেড়শ'রও বেশি ঘরবাড়ি।

জাতীয় উদ্যানগুলো এবং বনাঞ্চল সংলগ্ন অনেকগুলো শহর ভয়াবহ আগুনের শিকার হয়েছে। শহরগুলোর সড়ক যোগাযোগ বন্ধ হয়ে গিয়েছে। বিদ্যুৎ এবং মোবাইল নেটওয়ার্কের অবকাঠামো ধ্বংস হয়ে গিয়েছে।    

অঙ্গরাজ্যটির উপকূলে কানগাওয়ালা এলাকায় আগুনে পুড়ে যাওয়া একটি গাড়ির ভেতরে একজনকে মৃত অবস্থায় উদ্ধার করা হয়েছে।

ডাইহার্ড এলাকায় অগ্নিদগ্ধ আরও এক নারীকে অচেতন অবস্থায় উদ্ধার করে উদ্ধারকর্মীরা। তার দেহের ৪০-৫০ শতাংশ পুড়ে যায়। পরবর্তীতে সিডনির এক হাসপাতালে তিনি মারা যান।

আগুন থেকে পোষা প্রাণীদের বাঁচাতে গিয়ে আরও এক নারীর মৃত্যু হয়েছে বলে তার স্বজনেরা নিশ্চিত করেন।

১৯ জন উদ্ধারকর্মী জানায়, অন্তত ৩০ জনেরও বেশি মানুষ আহত হয়েছে। অনেক মানুষ ঘরের মধ্যে আটকে পড়েছে। উদ্ধারকারীরা তাদের কাছে পৌঁছতে পারছে না বলে জানা গিয়েছে।

নিহতদের প্রতি শোক প্রকাশ করে অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী স্কট মরিসন জানান, দাবানলে অনেক গ্রামের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গিয়েছে। ফলে মৃত্যুর সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা প্রকাশ করেন তিনি।

এদিকে মানুষদের ঘর ছেড়ে নিরাপদ স্থানে আশ্রয় নেওয়ার নির্দেশ দিয়েছে কর্তৃপক্ষ।

দাবানল ছড়িয়ে যাওয়ার আশঙ্কায় কুইন্সল্যান্ড এবং পশ্চিম অস্ট্রেলিয়াও সতর্কতা জারি করা হয়েছে।

সেপ্টেম্বর থেকে কয়েকশ জায়গায় অগ্নিকাণ্ড মোকাবিলা করে যাচ্ছে ফায়ার সার্ভিস কর্মীরা। গত মাসে ঘর বাঁচাতে গিয়ে দুজন মানুষ মারা যাওয়ার ঘটনাও ঘটেছে।

গত সপ্তাহে আগুনে পুড়ে গেছে দুই হাজার হেক্টর জমি। এতে কয়েকশ কোয়ালা নিহতসহ অনেক প্রাণী বৈচিত্র্য ধ্বংস হয়ে গিয়েছে বলে গবেষকেরা জানিয়েছেন।