২৫তম কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব-২০১৯ এর প্রতিযোগিতা বিভাগের জাতীয় প্রতিযোগিতা (স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র) শাখায় নির্বাচিত হয়েছে জ্যোতিকা জ্যোতি অভিনীত ‘ফার্নিচার’।
৯ নভেম্বর রাত সাড়ে ৭টায় এটি প্রদর্শিত হবে নন্দন-৩ হলে।। সত্যজিৎ রায় ফিল্ম অ্যান্ড টেলিভিশন ইনস্টিটিউটের ছবিটি নির্বাচিত শাখায় গোল্ডেন রয়েল বেঙ্গল টাইগার পুরস্কারের জন্য লড়বে। ছবিটির নির্মাতা নাজমুস সাকীব হিমেল।
ছবির মুখ্য চরিত্র পারভীনে অভিনয় করেছেন জ্যোতি। তার বিপরীতে অভিনয় করেছেন দীপক সুমন। এ ছাড়া অভিনয় করেছেন দেবযান পাল, প্রিয়াংকা জানা (ভারত)।
এর আগে ২৭ সেপ্টেম্বর কলকাতায় মুক্তি পায় জ্যোতিকা জ্যোতি অভিনীত ‘রাজলক্ষ্মী ও শ্রীকান্ত’। পশ্চিমবঙ্গের গণমাধ্যম থেকে শুরু করে সামাজিক যোগাযোগ মাধ্যম সব খানেই প্রশংসিত হয়েছে জ্যোতির অভিনয়।
এদিকে আগামী ডিসেম্বরে মুক্তি পেতে যাচ্ছে জ্যোতিকা জ্যোতি অভিনীত পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র ‘মায়া’। মাসুদ পথিক পরিচালিত এ সিনেমাটির টিজার ইতিমধ্যেই দর্শক লুফে নিয়েছে।
উল্লেখ্য ২০০৫ সালে কবরীর পরিচালনায় ‘আয়না’ সিনেমায় অভিনয় করে বড় পর্দায় যাত্রা শুরু করেছিলেন জ্যোতিকা জ্যোতি। এরপর তিনি অভিনয় করেছেন বেলাল আহমেদের ‘নন্দিত নরকে’, তানভীর মোকাম্মেলের ‘রাবেয়া’ ও ‘জীবনঢুলি’ এবং মোরশেদুল ইসলামের ‘অনীল বাগচীর একদিন’ ছবিতে।