৯০ এ মুক্ত হওয়া গণতন্ত্র আবার শৃঙ্খলিত হয়েছে: মির্জা ফখরুল

শহীদ নুর হোসেন যে স্বপ্ন চোখে নিয়ে জীবন উৎসর্গ করেছিলেন, তার সে স্বপ্ন আজও পুরোপুরি সফল হয়নি উল্লেখ করে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ৯০ এ মুক্ত হওয়া গণতন্ত্র আবার শৃঙ্খলিত হয়েছে ২০১৪ সালের ৫ জানুয়ারি একতরফা নির্বাচনের মধ্য দিয়ে।

শহীদ নুর হোসেন দিবস উপলক্ষে শনিবার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তিনি এ কথা বলেন। নুর হোসেন দিবস উপলক্ষে লন্ডনে অবস্থানরত বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানও পৃথক বিবৃতি দিয়েছেন।

মির্জা ফখরুল বলেন, নুর হোসেনের আত্মদানকে আমরা বৃথা যেতে দিতে পারি না। সব বাধা দূর করে মানুষের নাগরিক স্বাধীনতা নিশ্চিত করতে হবে। নুর হোসেনের মতো সাহসিকতা নিয়ে সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে।

তিনি বলেন, গণতান্ত্রিক আন্দোলনের ইতিহাসে নুর হোসেন একটি অবিস্মরণীয় নাম। ১৯৮৭ সালের ১০ নভেম্বর স্বৈরাচার বিরোধী আন্দোলনের এক লড়াকু সৈনিক হিসেবে তিনি রাজপথে নেমে এসেছিলেন বুকে পিঠে ’গণতন্ত্র মুক্তি পাক, স্বৈরাচার নিপাত যাক’ স্লোগান লিখে। গণতন্ত্রের দাবিতে সোচ্চার এই যুবকের কণ্ঠকে স্তব্ধ করে দিয়েছিল স্বৈরাচারের বন্দুক। স্বৈরাচারের বুলেট বুকে বরণ করে নিয়েছিলেন নুর হোসেন। তখন নুর হোসেনের সে অবদান বৃথা যায়নি। তার রক্তের ধারা বেয়েই ’৯০ এর গণ-অভ্যুত্থানে স্বৈরশাসকের পতন ঘটে, মুক্ত হয় আমাদের গণতন্ত্র।