কংগ্রেস বর্জনকারীদের অনেকে ফিরে আসার জন্য যোগাযোগ করছে: মেনন

দশম কংগ্রেস নিয়ে পার্টির মধ্যে কোন বিভাজন হয়নি দাবি করে বাংলাদেশ ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন বলেছেন, যারা কংগ্রেস বর্জন করেছিলেন তাদের অনেকেই ফিরে আসার জন্য যোগাযোগ শুরু করেছেন। তাদের জন্য পার্টির দ্বার উন্মুক্ত রাখা হয়েছে।

শনিবার সকাল সাড়ে ১০টার দিকে যশোরের বাঘারপাড়ার উপজেলার বাকড়িতে পার্টির প্রয়াত সভাপতি অমল সেনের স্মৃতিস্তম্ভে শ্রদ্ধা নিবেদনের পর মেনন সাংবাদিকদের এ কথা বলেন।

মেনন সাংবাদিকদের বলেন, কিছু লোক বর্জন করলেও দশম কংগ্রেস শতভাগ সফল হয়েছে। পার্টিকে সুসংগঠিত ও কংগ্রেসে নেয়া কর্মসূচিগুলো বাস্তবায়নে খুলনার সাংগঠনিক সভার মধ্য দিয়ে বিভাগীয় সমাবেশ শুরু হয়েছে। ধারাবাহিকভাবে তা চলবে।

এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন পার্টির সাধারণ সম্পাদক ফজলে হোসেন বাদশা, পলিট ব্যুরো সদস্য আনিসুর রহমান মল্লিক, মুস্তাফা লুৎফুল্লাহ এমপি, অ্যাডভোকেট শেখ হাফিজুর রহমান, নজরুল ইসলাম, আবু বক্কর সিদ্দিকী, দিপংকর সাহা দিপু, কেন্দ্রীয় বিকল্প সদস্য সবদুল হোসেনসহ যশোর ও নড়াইলের নেতাকর্মীরা।