সরকার গণতন্ত্রহীনতার ও দুর্নীতির রোল মডেল: মওদুদ আহমদ

সরকার উন্নয়নের নয় গণতন্ত্রহীনতার ও দুর্নীতির রোল মডেল হিসেবে দেশে-বিদেশে পরিচিতি পেয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমদ।

শনিবার জাতীয় প্রেসক্লাবে ‘৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’ উপলক্ষে বাংলাদেশ মৎস্যজীবী দলের উদ্যোগে আয়োজিত এক আলোচনা সভায় তিনি এ মন্তব্য করেন।

মওদুদ আহমদ বলেন, সরকার নাকি উন্নয়নের রোল মডেল। অথচ সামান্য বৃষ্টিতে ঢাকার বিভিন্ন সড়ক পানির নিচে তলিয়ে যায়। এক কিলোমিটার রাস্তা যেতে ঘণ্টার পর ঘণ্টা সময় লাগে। তাহলে উন্নয়ন কোথায় হলো? সরকার রোল মডেল, তবে তা বিচারহীনতার, জবাবদিহিহীনতার, নারী ও শিশু নির্যাতনকারীর ও ক্যাসিনোর মডেল।

তিনি অভিযোগ করেন, ক্যাসিনোর সঙ্গে জড়িত যুবলীগের নেতাদের দিয়ে সরকার দেশ চালাত। সরকার যুবলীগের নেতাদের ধ্বংসের সুড়ঙ্গ তৈরি করে দিয়েছে। আজ দশ বছর হয়ে গেল, এখন জাতীয় কোনো একটি ইস্যু নিয়ে আলোচনা হয় না।

তিনি বলেন, ঘূর্ণিঝড় বুলবুল উপকূলীয় এলাকায় আঘাত হানছে। ১০ নম্বর মহাবিপদ সংকেত দেওয়া হয়েছে। অথচ এটি মোকাবিলা করার জন্য আগে থেকে সরকারের কোনো পরিকল্পনা ছিল না। এটা সরকারের ব্যর্থতা।

মওদুদ আহমদ বলেন, সরকারের পরিকল্পনার অভাবে উপকূলের লাখ লাখ মানুষ ক্ষতিগ্রস্ত হবে। কত মৎস্যজীবী প্রাণ হারাবে, ক্ষতির সম্মুখীন হবে, তা বলা বাহুল্য। সরকারের অবহেলায় এমন ঘটনা ঘটছে।

অনুষ্ঠানে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সেলিমা রহমান বলেন, ৭ নভেম্বর সম্পর্কে দেশের সচেতন মানুষের ধারণা আছে। যখন বাংলাদেশ একটি কঠিন সমস্যার সম্মুখীন হয়েছিল তখন জিয়াউর রহমান সমস্যার সমাধান করে দেশকে সঠিক পথে পরিচালিত করেছিলেন। 

বাংলাদেশ জাতীয়তাবাদী মৎস্যজীবী দলের আহ্বায়ক রফিকুল ইসলামের মাহতাবের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা মণ্ডলীর সদস্য খন্দকার আবুল মোক্তাদির, শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি, লুৎফর রহমান কাজল প্রমুখ।