যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নিষেধাজ্ঞার সতর্কবাণী উপেক্ষা করে তার বিরুদ্ধে অভিশংসন প্রক্রিয়া শুরুর আহ্বানকারী গোয়েন্দা কর্মকর্তা হুইসেলব্লোয়ারকে হোয়াইট হাউজে তলব করেছেন বলে জানিয়েছে বিবিসি।
ট্রাম্পের এই তলব হুইসেলব্লোয়ার ও তার পরিবারকে বিপদে ফেলেছে বলে মনে করছেন হুইসেলব্লোয়ারের আইনজীবী আন্দ্রে বাকাজ। গত বৃহস্পতিবার হোয়াইট হাউজকে পাঠানো এক চিঠিতে এই শঙ্কার কথা জানিয়েছেন তিনি।
শুক্রবার বাকাজের ওই চিঠির জবাব দিয়েছে হোয়াইট হাউজ। সেখানে হুইসেলব্লোয়ার ও তার আইনজীবীর ওপর ট্রাম্প তার আক্রমণাত্মক মনোভাব অব্যাহত রেখেছেন বলে জানিয়েছেন তিনি।
হোয়াইট হাউজের এক সংবাদ সম্মেলনে ট্রাম্প বলেন, ‘হুইসেলব্লোয়ার আমাদের দেশের জন্য অপমানজনক। তার আইনজীবীও। দুইবছর আগে দেশদ্রোহিতামূলক একটি মন্তব্যের কারণে ওই আইনজীবীর বিরুদ্ধে মামলা করা উচিত।’
চলতি বছরের জুলাই মাসে ইউক্রেনের প্রেসিডেন্ট ভøাদিমির জেলেনস্কির সঙ্গে টেলিফোনে কথা বলেন ট্রাম্প। ওই সময় তিনি জেলেনস্কিকে ডেমোক্রেটিক পার্টির সম্ভাব্য প্রেসিডেন্ট পদপ্রার্থী জো বাইডেনের বিরুদ্ধ তদন্ত করার জন্য চাপ দেন। তা না করা হলে দেশটিকে দেওয়া ৪০ কোটি ডলারের সামরিক সহায়তা বন্ধ করে দেওয়ার হুমকিও দেন ট্রাম্প। পরবর্তী সময়ে হোয়াইট হাউজের গোয়েন্দা কর্মকর্তা হুইসেলব্লোয়ার সেটি ফাঁস করে দেন। এ সংক্রান্ত একটি প্রতিবেদনও দাখিল করেন তিনি। এর পরিপ্রেক্ষিতেই ট্রাম্পের বিরুদ্ধে অভিশংসনের প্রক্রিয়া শুরু হয়।