কর্মী হত্যাচেষ্টা মামলা যুবলীগ নেতা গ্রেপ্তার

সাভারের আশুলিয়ায় রিপন (৩০) নামে এক যুবলীগ কর্মীকে কুপিয়ে হত্যাচেষ্টার মামলায় সাবেক যুবলীগ নেতা উজ্জ্বল ভূঁইয়াকে (৩৫) গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল শনিবার সন্ধ্যা ৬টার দিকে জামগড়া এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। উজ্জ্বল ভূঁইয়া ইয়ারপুর ইউনিয়ন যুবলীগের সাংগঠনিক সম্পাদক ছিলেন। আর মারধরের শিকার রিপন বর্তমান কমিটির একজন কর্মী। গত শুক্রবার গভীর রাতে বাইপাইল-আব্দুল্লাহপুর মহাসড়কে রিপনকে কুপিয়ে জখম করে দুর্বৃত্তরা। এতে রিপনসহ আরও কয়েকজন গুরুতর আহত হন। পরে তাদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। এ ঘটনায় শনিবার ভোরে রিপনের স্ত্রী চায়না বেগম (২৬) বাদী হয়ে মামলা করেন। এতে উজ্জ্বল ভূঁইয়া (৩৫), রুবেল ভূঁইয়া (৩৮), নাজমুল হক (২২), ময়না মোল্লা (৩৫), সম্রাট (৩০) ও সুমন মীরসহ (২৮) অজ্ঞাত আরও ৭-৮ জনকে আসামি করা হয়।

মামলার এজাহারে বলা হয়েছে, আশুলিয়া থানা যুবলীগের ব্যানার ব্যবহার করে অপপ্রচার ও বিভিন্ন স্থানে ব্যানার-ফেস্টুন ঝুলিয়ে যুবলীগের বিরুদ্ধে মানহানিমূলক কর্মকা- করে আসছিল একটি কুচক্রী মহল। এ বিষয়ে আশুলিয়া থানা যুবলীগ সদস্য ও শিমুলিয়া ইউনিয়ন যুবলীগের আহ্বায়ক আমির হোসেন জয় থানায় একটি সাধারণ ডায়েরি করেন। সেইসঙ্গে সেসব ব্যানার-ফেস্টুন খুলে ফেলার সিদ্ধান্ত নেয় ওই কমিটি। এরই পরিপ্রেক্ষিতে শুক্রবার ভোরে ইয়ারপুর ও জামগড়া এলাকায় রিপন, ফারুক, শিপু, নয়ন ও বাবু নামে কয়েকজন যুবলীগ কর্মী একটি পিকআপ ভ্যানে করে ফেস্টুনগুলো খুলতে থাকে। এ সময় তারা বাইপাইল-আব্দুল্লাহপুর মহাসড়কে পৌঁছলে রুবেল ভূঁইয়া ও উজ্জ্বল ভূঁইয়ার নেতৃত্বে ৭-৮ জন তাদের ওপর সশস্ত্র হামলা চালায়। এ সময় তাদের চিৎকার শুনে স্থানীয়রা এগিয়ে এলে দুর্বৃত্তরা পালিয়ে যায়। পরে তাদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়।

আশুলিয়া থানার এসআই শফিকুল ইসলাম সুমন দেশ রূপান্তরকে বলেন, ‘গোপন সংবাদ পেয়ে অভিযান চালিয়ে আসামি উজ্জ্বলকে গ্রেপ্তার করা হয়। বাকিদের গ্রেপ্তারে অভিযান চলছে।’