বশেমুরবিপ্রবিতে উদীচীর স্টলে হামলার প্রতিবাদ

গোপালগঞ্জের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (বশেমুরবিপ্রবি) বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠীর স্টলে ছাত্রলীগ নামধারীদের হামলা, ব্যানার ছিঁড়ে ফেলা এবং ভাঙচুরের নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে উদীচী কেন্দ্রীয় কার্যালয়। গত শুক্রবার রাত ৮টার দিকে উদীচীর স্টলে ছাত্রলীগ নামধারী কিছু যুবক হামলা চালায়। এ বিষয়ে প্রক্টরের মাধ্যমে বিশ্ববিদ্যালয় প্রশাসনকে আনুষ্ঠানিকভাবে অভিযোগ জানানো হয়েছে বলে উদীচীর পক্ষ থেকে এক বিবৃতিতে জানানো হয়।

বিবৃতিতে বলা হয়, বশেমুরবিপ্রবিতে ভর্তি পরীক্ষা চলছে। বেশ কয়েক বছর ধরেই দূরদূরান্ত থেকে আসা ভর্তিচ্ছু শিক্ষার্থীদের সুবিধার্থে তাদের অভ্যর্থনা ও আবাসনসহ নানা ধরনের সেবা দিয়ে আসছে উদীচী বশেমুরবিপ্রবি সংসদ। গত শুক্রবার রাতে সেখানে হামলা চালায় ছাত্রলীগ নামধারী একদল দুর্বৃত্ত।

বিবৃতিতে উদীচী কেন্দ্রীয় সংসদের সভাপতি অধ্যাপক ড. সফিউদ্দিন আহমদ এবং সাধারণ সম্পাদক জামসেদ আনোয়ার তপন বলেন, সুষ্ঠু তদন্তসাপেক্ষে অবিলম্বে প্রকৃত দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করা হবে বলে আশা করে উদীচী। বশেমুরবিপ্রবিতে ছাত্রলীগের কোনো আনুষ্ঠানিক কমিটি কার্যকর নেই। তারপরও সরকারদলীয় সংগঠনটির নামে সেখানে তা-ব চালিয়ে যাচ্ছে একদল যুবক।