জুয়াড়ির প্রস্তাবে রাজি না হলেও সে তথ্য চেপে যাওয়ার অপরাধে এক বছরের জন্য নিষিদ্ধ সাকিব আল হাসান। নির্বাসনের মেয়াদ কাটিয়ে বাইশ গজে ফিরতে ফিরতে সেই ২০২০ সালের অক্টোবর মাস। কিন্তু তার মন তো পড়ে রয়েছে মাঠেই। নিষেধাজ্ঞা ক্রিকেট খেলায়। কিন্তু ফুটবল খেলতে তো বাধা নেই। তাই বুট পায়ে নেমে পড়লেন মাঠে।
‘ফুটি হ্যাগস’ নামের ফুটবল দলের হয়ে কোরিয়ান এক্সপ্যাট দলের বিরুদ্ধে খেলতে নামেন সাকিব, শুক্রবার রাজধানীর আর্মি স্টেডিয়ামে। শুধু খেলেনইনি, জিতেছেনও সে ম্যাচ ৩-২ গোলে। ফেইসবুকে একটি পোস্টে ফুটি হ্যাগস লেখে, ‘সাকিবকে দলে ফিরে পেয়ে দারুণ লাগছে।’ ওই দলে সাকিবের সতীর্থ রিয়াদ শাহির আহমেদ হুসেনও সোশ্যাল মিডিয়ায় ম্যাচের বেশ কিছু ছবি পোস্ট করেন।
ক্রিকেট থেকে নির্বাসিত হওয়ায় আগামী বছর টি-টোয়েন্টি বিশ্বকাপে খেলাও অনিশ্চিত হয়ে পড়েছে সাকিবের। তার নিষেধাজ্ঞা শেষ হবে ২০২০ ’র ২৯ অক্টোবর, বিশ্বকাপ শুরুর ১০ দিন পর। তার অবর্তমানে ভারতে চলতি টি-টোয়েন্টি সিরিজে বাংলাদেশকে নেতৃত্ব দিচ্ছেন মাহমুদউল্লাহ। টেস্টে অধিনায়কত্ব করবেন মমিনুল হক। প্রথমবার দেশের দিবারাত্রি টেস্টেরও অংশ হতে পারছেন না সাকিব আল হাসান। তবে খেলার মধ্যে থেকেই নিজেকে ফিট রাখার চেষ্টা করছেন অলরাউন্ডার।