নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (নোবিপ্রবি) ভাষা শহীদ আব্দুস সালাম হলে ছাত্রলীগের দুই পক্ষের সংঘর্ষের ঘটনায় ৪১ জন ছাত্রের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
শনিবার বিশ্ববিদ্যালয় রিজেন্ট বোর্ডের বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়। সিদ্ধান্ত অনুযায়ী মোট ৪১ জনকে জরিমানা ও বিভিন্নভাবে শাস্তির সিদ্ধান্ত হয়। এর মধ্যে ১৬ জনকে ৬ মাসের জন্য বহিষ্কার এবং বাকিদের জরিমানা করার সিদ্ধান্ত নেওয়া হয়। বিস্তারিত সোমবার বিজ্ঞপ্তির মাধ্যমে জানিয়ে দেওয়া হবে বলে জানিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।
গত ৩১ আগস্ট রাতে ধূমপানকে কেন্দ্র করে বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সভাপতি সফিকুল ইসলাম রবিন ও সাধারণ সম্পাদক এস এম ধ্রুবর গ্রুপের মধ্যে দফায় দফায় সংঘর্ষের ঘটনা ঘটে। ওই ঘটনার জের ধরে পরদিন ফের সংঘর্ষে জড়িয়ে পড়ে বিবাদমান দুই গ্রুপ। এতে আব্দুল মালেক উকিল হলের প্রভোস্টসহ ১০ জন আহত হয়। পরবর্তীতে রাত ২ টায় সবাইকে হল ত্যাগের নির্দেশ দেয় বিশ্ববিদ্যালয় প্রশাসন।
এ বিষয়ে জানতে চাইলে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড.নেওয়াজ মোহাম্মদ বাহাদুর বলেন, দীর্ঘ ২ মাস তদন্তের পর বিভিন্ন তথ্য, উপাত্ত ও প্রমাণের ভিত্তিতে রিজেন্ট বোর্ডের মিটিংয়ে ৪১ জনের বিরুদ্ধে এই ব্যবস্থা নেওয়া হয়।
বিশ্ববিদ্যালয় রেজিস্ট্রার অধ্যাপক মো.মমিনুল হক বলেন, সোমবারে ৪১ জনের নাম, বিভাগ, সেশনসহ বিস্তারিত নোটিশে জানিয়ে দেওয়া হবে।