‘বড় দল হওয়ার পথে বাংলাদেশ অনেক দূরে’

মাহমুদউল্লাহ রিয়াদ যেন এক রকম আত্মসমর্পণ করলেন। ভারতের বিপক্ষে নাগপুরের হারের পর সংবাদ সম্মেলনে বেশ কিছু অপ্রিয় প্রশ্নই শুনতে হলো তাকে। সাম্প্রতিক সময়ে খুব কাছে গিয়ে বাংলাদেশ ম্যাচ হারছে একই রকম ভুলে। কিন্তু পারছে না ভুলগুলো থেকে বেরিয়ে আসতে। যা নিয়ে বলতে গিয়ে অপ্রিয় সত্যটাই বলে দিলেন মাহমুদউল্লাহ। বললেন, ‘বাংলাদেশ টি-টোয়েন্টিতে বড় দল হওয়ার পথে অনেক দূরে।’

ভারত সফরে প্রথম টি-টোয়েন্টি জিতে সিরিজে এগিয়ে যায় বাংলাদেশ। দিল্লিতে ৭ উইকেটে জয় পেলেও রাজকোটে দ্বিতীয় ম্যাচে হারে ৮ উইকেটে। রবিবার নাগপুরে সিরিজ নির্ধারণী ম্যাচে ৩০ রানে হেরে ১-২ এ সিরিজ হেরেছে বাংলাদেশ।

অথচ ১৭৫ রানের লক্ষ্যটা একপর্যায়ে খুব কাছেই মনে হচ্ছিল। মোহাম্মদ নাঈম দাপুটে ব্যাটিং করেছেন। ৪৮ বলে খেলেন ৮১ রানের ইনিংস। তাকে সঙ্গ দিয়ে মোহাম্মদ মিঠুন খেলেন ২৭ রানের ইনিংস। কিন্তু আর কেউই দুই অঙ্ক ছুঁতে পারেননি। তিনজন ব্যাটসম্যান গোল্ডেন ডাক মেরেছেন।

হারের ব্যাখ্যা দিতে গিয়ে মাহমুদউল্লাহ বলছিলেন, ‘আমরা যখন এখানে এলাম সবাই ভেবেছিল ৩-০ তে আমরা সিরিজ হারব। কিন্তু প্রথম ম্যাচটা জিতলাম। দারুণ সুযোগ ছিল। কিন্তু নিজেদের ভুলে সিরিজ জয়ের সুযোগ হাতছাড়া হলো। বড় বড় দলগুলো সাধারণত এই সব ভুল করে না। আমরা হয়তো ওই ভুলগুলো করছি।’

কিন্তু বারবার একই পথে হাঁটা কেন? তবে কি ভুল থেকে শিখছে না বাংলাদেশ? নাকি বাংলাদেশ বড় হতে পারেনি এখনো?

এবার মাহমুদউল্লাহর উত্তর, ‘আমি যদি শুধু টি-টোয়েন্টির কথা বলি, তবে বলব আমরা অনেক দূরে আছি। কারণ আমাদের অনেক কিছু খুঁজে বের করতে হবে। আমরা ওরকম টিম না যে আমাদের অনেক বিগ হিটার আছে। আমাদের স্কিলের ওপর অনেক বেশি নির্ভর করতে হয়। বিশেষ করে ব্যাটিংয়ে...।’

বাংলাদেশ অধিনায়ক যোগ করেন, ‘আমরা গেম সেন্স ও মানসিকভাবে যদি আরো সচেতন হতে পারি, তবে আমাদের সুযোগ আরো বাড়বে।’