৩.২ ওভার। ৭ রান। ৬ উইকেট। আন্তর্জাতিক টি-টোয়েন্টির ইতিহাসে সেরা বোলিং। যিনি এটি করেছেন, সেই দীপক চাহার জানাচ্ছেন, এমন রেকর্ডের ভাবনা তার স্বপ্নেও আসেনি!
‘কখনো এসব ভাবিনি, এমনকি স্বপ্নেও না,’ ম্যাচ শেষে ভারতীয় বোলার বলেন, ‘ছোটবেলা থেকে শুধু কঠোর পরিশ্রমের চেষ্টা করেছি, এখন সেটির ফল পেলাম।’
চাহারের এমন বোলিংয়ের দিনে শিবম দুবে গুরুত্বপূর্ণ তিন উইকেট নেওয়ায় বাংলাদেশের কাজটা কঠিন হয়ে যায়। শেষ পর্যন্ত মুশফিকরা ৩০ রানে হেরে যান।
ইনিংসের তৃতীয় ওভারে পর পর দুই বলে চাহার তুলে নেন লিটন দাস ও সৌম্য সরকারকে। এরপর মোহাম্মদ নাঈম দাপুটে ব্যাটিং করতে থাকায় প্রতিপক্ষ অধিনায়ক রোহিত শর্মা চাহারকে একটু দেরি করে বলে আনেন।
নাঈমের সঙ্গে মোহাম্মদ মিঠুন ৯৮ রানের জুটি গড়েন। ১৩তম ওভারে মিঠুনকে ফিরিয়ে সেই জুটি ভাঙেন চাহার। এরপর বাংলাদেশের শেষ তিন উইকেট তুলে নিয়ে হ্যাটট্রিক পূরণ করেন।
‘রোহিতের পরিকল্পনা ছিল গুরুত্বপূর্ণ ওভারগুলোতে আমাকে আনা, ম্যানেজমেন্টও তাই চেয়েছিল। স্পেল শেষ না হওয়া পর্যন্ত আমি সবসময় পরের বলে ফোকাস রাখার চেষ্টা করি।’
টি-টোয়েন্টিতে সেরা বোলিং ফিগার
৬/৭- দীপক চাহার, প্রতিপক্ষ বাংলাদেশ (নাগপুর ২০১৯)
৬/৮- অজন্তা মেন্ডিস, প্রতিপক্ষ জিম্বাবুয়ে (হামবানটোটা ২০১২)
৬/১৬- অজন্তা মেন্ডিস, প্রতিপক্ষ অস্ট্রেলিয়া (পাল্লেকেলে ২০১১)
৬/২৫- যুজবেন্দ্র চাহাল, প্রতিপক্ষ ইংল্যান্ড (বেঙ্গালুরু ২০১৭)