রাজধানীর স্টেডিয়াম মার্কেট এলাকায় চাঁদা না দেওয়ায় কয়েকজন মাদকাসক্ত মিলে ছিন্নমূল পরিবারের পাঁচ বছরের এক শিশুকে শ্বাসরোধ করে হত্যা করেছে বলে অভিযোগ পাওয়া গেছে।
স্টেডিয়াম মার্কেট সংলগ্ন অলিম্পিক ভবনের সামনে থেকে রবিবার রাতে মো. সানির (৫) বস্তাবন্দী লাশ উদ্ধার করেছে পুলিশ। ময়নাতদন্ত শেষে শিশুটির লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
সানির খালু ও পল্টন কমিউনিটি পুলিশের সদস্য চান মিয়া দেশ রূপান্তরকে বলেন, শিশুটির বাবা মাদকের মামলায় গ্রেপ্তার হয়ে কারাগারে আছে। তার মা ঝরনা বেগম মাওলানা ভাসানী হকি স্টেডিয়ামের তিন নম্বর গেটের কাছেই থাকেন। তাদের গ্রামের বাড়ি জামালপুরে হলেও তারা সেখানেই ভবঘুরে হিসেবে থাকত। একসময় সানির মা-বাবা ইয়াবা ও গাঁজা বিক্রি করত। এ সময় স্থানীয় ভবঘুরে ও যুবলীগ কর্মী দাবি করা ল্যাংড়া রাসেল, পিন্টু, পায়েল, হিরা, টুপি জুয়েল, কালাম তাদের কাছ থেকে চাঁদা নিত।
তিনি জানান, সানির বাবা গ্রেপ্তার হওয়ার পর মা ঝরনা বেগম মাদক বিক্রি ছেড়ে দেন। তখনো ল্যাংড়া রাসেল, পিন্টু ও তাদের সহযোগীরা ঝরনার কাছে চাঁদা চায়। ঝরনা টাকা দিতে অস্বীকার করায় তাকে কয়েক দফা হুমকি দেয় তারা।
সম্প্রতি ল্যাংড়া রাসেল মতিঝিলে এক নারী মাদক বিক্রেতার কাছ থেকে পল্টন থানার এসআই আল-আমিনের কথা বলে ৫০০ টাকা চাঁদা নেয়। চান মিয়া বিষয়টি এসআই আল-আমিনকে জানান। এতে রাসেল চান মিয়া ও সানির মা ঝরনার ওপর ক্ষিপ্ত হয়। তাদের সঙ্গে আগেও কয়েক দফা মারামারি হয়েছে। এসব ঘটনার প্রতিশোধ নিতে রাসেল, হিরাসহ কয়েকজন সানিকে ‘মজা’ খাওয়ানোর লোভ দেখিয়ে ডেকে নিয়ে যায়। পরে তাকে শ্বাসরোধ করে হত্যা করে লাশ বস্তায় ভরে রেখে দেয় বলে পরিবারের অভিযোগ।
চান মিয়া আরও জানান, রবিবার রাত সাড়ে ৯টার দিকে তিনি অলিম্পিক ভবনের সামনের পরিত্যক্ত পুলিশ বক্সে মোবাইল চার্জ দিতে যান। বক্সের দরজার সামনে একটি তোশক দিয়ে প্লাস্টিকের সাদা বস্তা ঢেকে রাখা ছিল। দরজা খোলার জন্য তোশকটি সরাতেই বস্তাটি কাত হয়ে পড়ে এবং শিশু সানির পা দেখতে পাই।
খবর পেয়ে সার্জেন্ট আহাদ পুলিশ বক্সের এএসআই আনোয়ারুল ইসলাম গিয়ে লাশ উদ্ধার করেন। আনোয়ার জানান, শিশু টিকে শ্বাসরোধের হত্যা করা হয়েছে। তার ডান কানের কাছে কিছুটা থেঁতলানো অবস্থায় দেখতে পাই।
শিশুটির মা ঝরনা বলেন, তার ৩ ছেলের মধ্যে মেজো সানি। ছোট ছেলে বাহার (৩) ছয় মাস ধরে নিখোঁজ। তাকে একই এলাকার ভবঘুরে বাদল ও রাসের চুরি করে নিয়ে গেছে বলে তার ধারণা। শনিবার রাত ৯টার দিকে সানি ও তাদের সঙ্গে থাকা রুবি স্টেডিয়াম মার্কেটের বারান্দায় টেলিভিশন দেখছিল। এরপর রুবি চলে আসলেও সানি সেখানেই ছিল। পরে রুবি জানায় যে, এক লোক সানিকে মজা খাওয়াতে ডেকেছিল।
মায়ের অভিযোগ- মাদকাসক্ত ল্যাংড়া রাসেল, পিন্টু, পায়েল, হিরা, টুপি জুয়েল, কালাম তার কাছে বিভিন্ন সময় চাঁদা চায়। না দেওয়ায় তার ছেলেকে হত্যা করেছে তারা। এর আগেও তাকে বিভিন্ন সময় ুহুমকি দেওয়া হয়েছে।
পল্টন থানা-পুলিশ জানায়, সানির লাশের সঙ্গে একটি চিরকুট পাওয়া গেছে। তাকে লেখা ছিল, চান মিয়া ও ঝরনা তার পোলা (ছেলে) মেরে ফেলছে। তাদের ২০ হাজার বছর জেল চাই।’
পল্টন থানার পরিদর্শক (তদন্ত) মো. সেন্টু মিয়া জানান, এঘটনায় থানায় কয়েকজনকে আসামি করে মামলা হয়েছে। কাউকে আটক বা গ্রেপ্তার করা হয়নি।