সাত বছর পর জাতীয় দাবায় চ্যাম্পিয়ন নিয়াজ মোরশেদ

৪৫তম জাতীয় দাবায় চ্যাম্পিয়ন হয়েছেন নিয়াজ মোরশেদ। এই গ্র্যান্ডমাস্টার ১০ খেলায় ৮ পয়েন্ট পেয়ে অপরাজিত চ্যাম্পিয়ন হয়েছেন। জাতীয় দাবায় এটি তার ষষ্ঠ শিরোপা।

সর্বশেষ তিনি শিরোপা পেয়েছিলেন ৭ বছর আগে, ২০১২ সালে। সেটিও দীর্ঘ ২৯ বছর পর। গত তিন আসর খেলেননি। এবার খেলেই করলেন বাজিমাত।

একটা সময় অবশ্য এই আসরে নিয়াজের ছিল একচ্ছত্র আধিপত্য। ১৯৭৯ থেকে ১৯৮২ সাল পর্যন্ত, টানা চারবার শিরোপা জেতেন তিনি।

সোমবার ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন অব বাংলাদেশ ভবনে প্রতিযোগিতার দশম রাউন্ডের খেলা অনুষ্ঠিত হয়। নিয়াজ এদিন চট্টগ্রামের ক্যান্ডিডেট মাস্টার মনন রেজা নীড়কে পরাজিত করেন।

গ্র্যান্ডমাস্টার নিয়াজ সাদা ঘুঁটি নিয়ে খেলে ২২ চালের মাথায় জয়ী হন। মনন ছিলেন প্রতিযোগিতার সর্বকনিষ্ঠ প্রতিযোগী। ৯ বছর বয়সে জাতীয় দাবায় অংশ নেওয়ার সুযোগ করে নিয়ে রেকর্ড গড়েন তিনি। ভেঙেছেন নিয়াজ মোরশেদের রেকর্ড।

সাত পয়েন্ট করে নিয়ে টাইব্রেকিং পদ্ধতিতে সাইফ স্পোর্টিং ক্লাবের গ্র্যান্ডমাস্টার মোল্লা আব্দুল্লাহ আল রাকিব রানার-আপ এবং বাংলাদেশ আনসারের আন্তর্জাতিক মাস্টার মোহাম্মদ ফাহাদ রহমান তৃতীয় হন। প্রতিপক্ষের রেটিংয়ের ভিত্তিতে তাদের স্থান নির্ধারণ করা হয়।

এদিকে সাড়ে ছয় পয়েন্ট করে নিয়ে বাংলাদেশ আনসারের গ্র্যান্ডমাস্টার রিফাত বিন সাত্তার চতুর্থ ও ফিদে মাস্টার মো. তৈয়বুর রহমান পঞ্চম স্থান লাভ করেন। সাড়ে পাঁচ পয়েন্ট করে নিয়ে সাইফ স্পোর্টিং ক্লাবের গ্র্যান্ডমাস্টার জিয়াউর রহমান ষষ্ঠ, বাংলাদেশ নৌবাহিনীর আন্তর্জাতিক মাস্টার মোহাম্মদ মিনহাজ উদ্দিন সপ্তম, সাইফ স্পোর্টিং ক্লাবের গ্র্যান্ডমাস্টার এনামুল হোসেন রাজীব অষ্টম এবং গোল্ডেন স্পোর্টিং ক্লাবের তাহসিন তাজওয়ার জিয়া নবম স্থান লাভ করেন।

সাড়ে পাঁচ পয়েন্ট করে নিয়ে দশম হতে ত্রয়োদশ স্থান লাভ করেন যথাক্রমে- চট্টগ্রামের ক্যান্ডিডেট মাস্টার মনন রেজা নীড়, বাংলাদেশ নৌবাহিনীর আন্তর্জাতিক মাস্টার আবু সুফিয়ান শাকিল, বাংলাদেশ নৌবাহিনীর ক্যান্ডিডেট মাস্টার মো. শরীফ হোসেন এবং ফিদে মাস্টার শেখ নাসির আহমেদ।

১০ রাউন্ড সুইস-লিগ পদ্ধতিতে এবারের জাতীয় দাবা অনুষ্ঠিত হয়। মোট ৩০ জন খেলোয়াড় এবার অংশ নেন। এই প্রথমবারের মতো দেশের ৫জন গ্র্যান্ডমাস্টার এক সাথে জাতীয় দাবায় অংশ নেন।