ঘূর্ণিঝড় বুলবুলের প্রভাবে প্রথম ম্যাচটি পণ্ড হয়েছিল। বাংলাদেশ ও শ্রীলঙ্কা অনূর্ধ্ব-১৯ দলের মধ্যেকার দ্বিতীয় ম্যাচেও ঝড় উঠল। তবে এবার ‘বুলবুল’ নয়। ঝড় তুললেন স্বাগতিক বাংলাদেশের দুই ব্যাটার শামীম হোসেন ও তৌহিদ হৃদয়। এই দুইয়ের ব্যাটে এক রকম উড়ে গেছে শ্রীলঙ্কার যুবারা।
সোমবার পাঁচ ম্যাচ সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে শ্রীলঙ্কা অনূর্ধ্ব-১৯ দলকে ৫ উইকেটে হারিয়েছে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল। ১-০ তে এগিয়ে গেছে সিরিজে।
খুলনার শেখ আবু নাসের স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচটি বৃষ্টির কারণে নেমে এসেছিল ৩১ ওভারে। টস জিতে বাংলাদেশ প্রতিপক্ষকে ব্যাটিংয়ের আমন্ত্রণ জানায়। লঙ্কান যুবারা ৭ উইকেটে ২০৯ রানের পুঁজি গড়ে। জবাবে ২৫.৪ ওভারে জয় নিশ্চিত করে স্বাগতিক যুবারা।
২১০ রানের লক্ষ্যে খেলতে নেমে ৪২ রানে ৪ উইকেট হারিয়ে চাপে পড়ে বাংলাদেশ। সেখান থেকে তৌহিদ হৃদয় ও শামীম হাসানের ব্যাটে ঘুরে দাঁড়ায় বাংলাদেশ। দুজন পঞ্চম উইকেটে যোগ করেন ১৬১ রান।
দলকে জয়ের খুব কাছে রেখে ফেরেন শামীম। ৬১ বলে ৯৫ রান করেন তিনি ৯ চার ও ৫ ছক্কায়। অধিনায়ক আকবর আলীকে নিয়ে বাকি কাজটা শেষ করেন তৌহিদ হৃদয়। ৫৬ বলে ৭ চার ও ৩ ছক্কায় ৮২ রানে অপরাজিত ছিলেন হৃদয়। আকবর অপরাজিত ছিলেন ১ রানে। শ্রীলঙ্কার পক্ষে সর্বাধিক ৩ উইকেট নেন আমশি ডি সিলভা।
এর আগে বল হাতেও আলো ছড়িয়েছেন শামীম হাসান। নিয়েছেন সর্বাধিক ২ উইকেট। রাকিবুল হাসানও নেন জোড়া উইকেট।
শ্রীলঙ্কার পক্ষে সর্বোচ্চ ৭৮ রানের ইনিংস খেলেন ওপেনার নাভোদ পারানাভিথানা। শামীমের শিকার হওয়া এই ব্যাটার ৭৫ বলে ৯ চার ও ১ ছক্কায় নিজের ইনিংস সাজান।
এ ছাড়া গামাগে দিনুশা ৩৪ বলে ৪১, রাভিন্দু রাশান্থা ২২ বলে ৩৩ ও চামিন্দু পিয়ামাল ২০ বলে অপরাজিত ৩০ রান করেন। ম্যাচসেরা হয়েছেন শামীম হোসেন।
সিরিজের বাকি তিনটি ম্যাচ হবে চট্টগ্রামে। ১৪, ১৭ ও ১৯ নভেম্বর অনুষ্ঠিত হবে ম্যাচগুলো।