রোহিঙ্গা পাসপোর্ট তৈরি চক্রের হোতার অফিসে অভিযান

রোহিঙ্গাদের বাংলাদেশি পাসপোর্ট তৈরি চক্রের হোতা আতিকুর রহমানের সন্ধানে তার কার্যালয়ে অভিযান চালিয়েছে র‌্যাব। গতকাল সোমবার বিকেল সাড়ে ৪টা থেকে রাজধানীর বাসাবোর নাভানা টাওয়ারে তার কার্যালয়ে অভিযান শুরু হয় বলে জানিয়েছেন র‌্যাব-২-এর সিপিসি-৩-এর কমান্ডার মহিউদ্দিন ফারুকী। গতকাল রাত ১টায় এই প্রতিবেদন লেখা পর্যন্ত এ অভিযান চলছিল।

মহিউদ্দিন ফারুকী জানান, আতিকুর রহমানের বাসাবোর অফিসে অভিযানে রোহিঙ্গাদের নামে তৈরি করা বিপুল পরিমাণ জাল পাসপোর্ট ও ভুয়া ড্রাইভিং লাইসেন্স পাওয়া গেছে। এ ছাড়া মতিঝিল এলাকায় তার আরেকটি অফিসের সন্ধান পাওয়া গেছে। সেখানে অভিযান শেষে সংবাদ সম্মেলনে এ বিষয়ে বিস্তারিত জানানো হবে।

সিপিসি-৩ জানায়, গত ১১ সেপ্টেম্বর নারায়ণগঞ্জ থেকে রোহিঙ্গাদের পাসপোর্ট তৈরির জন্য জন্মসনদ ও ভোটার আইডি কার্ড তৈরি চক্রের চার সদস্যকে গ্রেপ্তার করা হয়। পরে তারা আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন। তাদের দেওয়া তথ্যানুযায়ী, চক্রের হোতা আতিকুর রহমান আজিজিয়া ট্রাভেলিং ইন্টারন্যাশনালের মালিক। তার ইসলামী ব্যাংকের একটি অ্যাকাউন্টে গতকাল ৭০ লাখ টাকা ট্রান্সফার করা হয়। একই ব্যাংকে তার আরও ৫০ লাখ টাকার এফডিআরের কাগজপত্র পাওয়া গেছে। অস্ট্রেলিয়ায় তার একটি বিলাসবহুল বাড়ি আছে, যার দলিলও পাওয়া গেছে। এর বাইরে কয়েক দিন আগে অস্ট্রেলিয়া ও সিঙ্গাপুরে ৬০ হাজার ডলার পাচারের প্রমাণ পাওয়া গেছে।

সিপিসি-৩-এর কমান্ডার মহিউদ্দিন ফারুকী জানিয়েছেন, আতিকুর রহমানের অস্ট্রেলিয়ার একটি ব্যাংকে ৪ লাখ ২৭ হাজার ডলার ও সিঙ্গাপুরের একটি ব্যাংকে ৬০ হাজার ডলার রয়েছে। দেশে স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংকে তার অ্যাকাউন্টে রয়েছে ৭০ লাখ টাকা।