ব্রাহ্মণবাড়িয়ার ট্রেন দুর্ঘটনায় আহত এক যাত্রীকে কুমিল্লা মেডিকেল থেকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসা হয়েছে।
ওই যাত্রীর নাম মুন্না মিয়া (২৪)। হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ উপজেলার মহুল্লসুনাম গ্রামের মো. ওমর আলীর ছেলে তিনি।
আহত মুন্না জানান, রাতে বন্ধুদের সঙ্গে উদয়ন এক্সপ্রেসে করে চট্টগ্রাম যাচ্ছিলেন। চট্টগ্রাম থেকে কক্সবাজার যাওয়ার কথা ছিলো তাদের। উদয়নের ঝ-বগিতে ছিলেন তিনি।
ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (ইন্সপেক্টর) বাচ্চু মিয়া জানান, মুন্নাকে সকাল সোয়া ১১টায় ঢাকা মেডিকেলে নিয়ে আসা হয়। তার ডান পায়ে ফ্র্যাকচার রয়েছে।
মঙ্গলবার রাত পৌনে ৪টার দিকে ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার মন্দবাগ এলাকায় চট্টগ্রাম থেকে ছেড়ে আসা ঢাকাগামী তূর্ণা নিশীথা এবং সিলেট থেকে ছেড়ে আসা চট্টগ্রাম অভিমুখী উদয়ন এক্সপ্রেসের মধ্যে সংঘর্ষে ১৬ জনের প্রাণহানি ঘটে। এতে আহত হয়েছেন অর্ধশতাধিক যাত্রী।
ট্রেন দুর্ঘটনায় হতাহতের ঘটনায় রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ, প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং রেলপথ মন্ত্রী গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন। তারা নিহতদের আত্মার মাগফেরাত ও আহতদের দ্রুত আরোগ্য কামনা করেছেন।
এ দিকে সকাল সাড়ে দশটার দিকে ঢাকা-চট্টগ্রাম রুটে ট্রেন চলাচল শুরু হয়েছে।
এ ঘটনায় তিনটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে।