নূর হোসেনকে নিয়ে বক্তব্যকে ‘অযাচিত’ বলছেন রাঙ্গা

শহীদ নূর হোসেন সম্পর্কে ‘অযাচিত’ মন্তব্য করে তার পরিবারের সদস্যদের মনে আঘাত করায় দুঃখ প্রকাশ করলেন জাতীয় পার্টির মহাসচিব মো. মসিউর রহমান রাঙ্গা। মঙ্গলবার এক বিবৃতিতে নিজেকে ‘অনুতপ্ত’ বলে উল্লেখ করেন তিনি।

জাতীয় পার্টির চেয়ারম্যানের বনানীর কার্যালয়ে ১০ নভেম্বর ঘূর্ণিঝড়ের কারণে ঘরোয়াভাবে আয়োজিত গণতন্ত্র দিবসের আলোচনা সভায় নূর হোসেনকে ‘ইয়াবা আসক্ত’ বলে উল্লেখ করেন রাঙ্গা। আরও কিছু নেতিবাচক মন্তব্য করেন। এই নিয়ে বিভিন্ন মহল ও নূর হোসেন পরিবারের মধ্যে বিরূপ প্রতিক্রিয়া সৃষ্টি হয়।

বিবৃতিতে রাঙ্গা বলেন, “প্রতি বছর নূর হোসেনের মৃত্যুবার্ষিকীর দিনে কয়েকটি সংগঠনের আলোচনা, বক্তব্য ও বিবৃতিতে জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান পল্লীবন্ধু হুসেইন মুহম্মদ এরশাদকে হেয় প্রতিপন্ন করা হয়- এমনকি তাকে অশ্রাব্য ভাষায় গালাগালিও করা হয়। এর ফলে জাতীয় পার্টির কর্মীদের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়। এবারও তার ব্যতিক্রম ঘটেনি।”

এরপর লেখেন, “সেই প্রেক্ষিতে কর্মীদের উত্তেজনার মধ্যে বক্তব্য প্রদানকালে অনিচ্ছাকৃতভাবে আমার মুখ থেকে নূর হোসেন সম্পর্কে কিছু অযাচিত কথা বেরিয়ে গেছে- যা নূর হোসেনের পরিবারের সদস্যদের মনে আঘাত করেছে। এর জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত ও অনুতপ্ত।”

জাতীয় পার্টির মহাসচিব বলেন, “নূর হোসেনের পরিবারের প্রতি আমাদের প্রয়াত চেয়ারম্যান পল্লীবন্ধু এরশাদও সমব্যথী ছিলেন। অতএব, অসতর্কভাবে বলে ফেলা আমার বক্তব্যে যে আঘাত লেগেছে- তার জন্য আমি নূর হোসেনের মায়ের কাছে আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছি। একই সাথে আমার যে বক্তব্যে বিরূপ প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে- সেসব বক্তব্য প্রত্যাহার করে নিচ্ছি।”

রাঙ্গা আশা করেন, এই বিষয়ে আর কোনো ভুল বোঝাবুঝির অবকাশ থাকবে না।