রয়টার্সের গ্রাফিকসে ভারতে দূষণের ভয়াবহতা

ভারতের দিল্লিসহ কয়েকটি শহরের দূষণ পরিস্থিতি নিয়ে সংবাদ সংস্থা রয়টার্স একটি বিশেষ প্রতিবেদন প্রকাশ করেছে। লালচে রংয়ের মাধ্যমে তাদের অ্যানিমেটেড ম্যাপে দেখানো হয়েছে, নভেম্বরের প্রথম সপ্তাহে দিল্লিতেই পৃথিবীর সবচেয়ে বেশি দূষণ ছিল।

এই ধরনের দূষণ দেখা গিয়েছিল গত অক্টোবরে ক্যালিফোর্নিয়াতে। এখন ভারতসহ চীন এবং বাংলাদেশের কিছু কিছু অংশে এই অবস্থা চলছে।

ভারতের দিল্লিতে দিওয়ালির পর দূষণ ভয়াবহ আকার ধারণ করে। শহরজুড়ে বাজি পোড়ানোর কারণে এমনটি হয়েছে বলে জানায় ভারতীয় গণমাধ্যম। সেখানে বাংলাদেশ দল ক্রিকেট খেলতে গিয়ে সমস্যায় পড়ে। কয়েক জনের অসুস্থ হওয়ার কথা শোনা যায়।

গত ৪ নভেম্বর বায়ু পরিমাপক ইনডেক্সে দিল্লিতে ৫০০’র বেশি ছিল দূষণের মাত্রা। কোথাও কোথাও হাজার পেরিয়ে গিয়েছিল।

বাতাসের গুণমান সূচক বা এয়ার কোয়ালিটি ইনডেক্স (একিউআই) ০ থেকে ৫০-এর মধ্যে ঘোরাফেরা করলে তা স্বাস্থ্যের পক্ষে অনুকুল বলে ধরা হয়। বাজির কানফাটানো আওয়াজ এবং তা থেকে নির্গত বিষাক্ত গ্যাসের জেরে দিওয়ালিতে দিল্লি এবং নয়ডার গড় একিউআই বেড়ে ৩০৬ ও ৩৫৬ -তে দাঁড়িয়েছিল আগেই।