নারায়ণগঞ্জ থেকে প্রত্যাহার হওয়া পুলিশ সুপার হারুন অর রশিদের বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহার ও দুর্নীতির অভিযোগের বিষয়ে তদন্তের নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট আবেদন করা হয়েছে। গতকাল মঙ্গলবার আইনজীবী সালেহ উদ্দিন এ রিট আবেদনটি করেন। রিটে হারুনকে নিয়ে বিভিন্ন সংবাদপত্রে প্রতিবেদন যুক্ত করেন আইনজীবী।
বিচারপতি এম ইনায়েতুর রহিম ও বিচারপতি মো. মোস্তাফিজুর রহমানের হাইকোর্ট বেঞ্চে আবেদন উপস্থাপন করা হলে আদালত আইনজীবীকে এ বিষয়ে দুর্নীতি দমন কমিশনকে (দুদক) অবহিত করে অভিযোগ দাখিল করতে বলে আবেদনটির ওপর শুনানি স্ট্যান্ডওভার (মুলতবি) রাখে। দুদক যদি এ বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ না নেয় তখন আদালত বিষয়টি দেখবে বলে জানায়। বিষয়টি দেশ রূপান্তরকে জানান ডেপুটি অ্যাটর্নি জেনারেল তুষার কান্ত রায়।
প্রসঙ্গত, গত ৩ নভেম্বর নারায়ণগঞ্জ থেকে এসপি হারুনকে প্রত্যাহার করে পুলিশ সদর দপ্তরে (ট্রেনিং রিজার্ভ) সংযুক্ত করা হয়। হারুনের বিরুদ্ধে শিল্পপতি, ব্যবসায়ীসহ বিভিন্নজনকে ভয় দেখিয়ে অর্থ আদায়ের চেষ্টার অভিযোগ নিয়ে গণমাধ্যমে প্রতিবেদন প্রকাশিত হয়েছে।