বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে উদ্দেশ্য করে বলেছেন, প্রতিহিংসার রাজনীতি ভুলে গিয়ে কারাবন্দি সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়াকে মুক্তি দিন। নইলে জনগণের তীব্র ড়্গোভে আপনার মসনদ ভেঙে চুরমার হয়ে যাবে। গতকাল মঙ্গলবার নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে মিছিল শেষে সংড়্গিপ্ত এক পথসভায় তিনি এসব কথা বলেন।
এর আগে খালেদা জিয়ার মুক্তির দাবিতে বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে মিছিল বের করেন নেতাকর্মীরা। মিছিলটি কাকরাইল নাইটিঙ্গেল মোড় ঘুরে আবার কার্যালয়ের সামনে গিয়ে শেষ হয়।
রিজভী বলেন, মিডনাইট নির্বাচনের অবৈধ সরকার খালেদা জিয়াকে সম্পূর্ণ গায়ের জোরে বন্দি করে রেখেছে। তাকে বন্দি করার মধ্য দিয়ে সরকার শুধু দেশের একজন জনপ্রিয় নেত্রীকেই বন্দি করে রাখেনি, বরং তারা গোটা দেশ, গণতন্ত্র, মতপ্রকাশের স্বাধীনতা, ব্যক্তি-স্বাধীনতা এবং দেশের স্বাধীনতা-সার্বভৌমত্বকে এক শ্বাসরুদ্ধকর বন্দিশালায় আটকে রেখেছে।