ড্রেসিং রুমে ম্যারাডোনার নাচ (ভিডিও)

আর্জেন্টাইন ক্লাব জিমনেসিয়ার কোচ হিসেবে প্রথম জয়ের পর নেচে-গেয়ে দারুণ উচ্ছ্বাস প্রকাশ করলেন দেশটির ফুটবল কিংবদন্তি ডিয়েগো ম্যারাডোনা। তার নাচের ভিডিও ভাইরাল হয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে।

সেপ্টেম্বরের শুরুর দিকে জিমনেসিয়ার কোচের দায়িত্ব নেন ম্যারাডোনা। এরপর ক্লাবটি টানা তিন ম্যাচে হারে। অবশেষে সুপার লিগা আর্জেন্টিনায় আলদোসিভিকে ৩-০ গোলে হারিয়ে জয়ে ফেরে ম্যারাডোনার শিষ্যরা।

জয়ের পর কোচ হিসেবে নিজের উচ্ছ্বাস আর চেপে রাখতে পারেননি ম্যারাডোনা। সাজঘরে ফেরেই কোমর দোলালেন এই কিংবদন্তি। ফুটবল রাজপুত্রের এমন নাচ দেখে মুগ্ধ সবাই।

জুনের মাঝামাঝিতে মেক্সিকোর দ্বিতীয় সারির ক্লাব দোরাদোস দে সিনালোয়ার কোচের পদ থেকে সরে যাওয়ার পর জুলাইয়ে ডান হাঁটুতে অস্ত্রোপচার করান ম্যারাডোনা। সংবাদমাধ্যমে খবর এসেছিল, কোচের কাজ চালিয়ে যেতে ১৯৮৬ সালে আর্জেন্টিনাকে বিশ্বকাপ জেতানো অধিনায়ককে হাঁটু ও ঘাড়ে অস্ত্রোপচার করাতে হবে। উভয় হাঁটুতে বাতের সমস্যায় ভুগছেন ম্যারাডোনা।