৬ লাখ টাকায় কলকাতা থেকে মুক্তি পেলেন ফরিদপুরের বশির

কলকাতায় স্ত্রীর গয়না কিনতে গিয়ে অপহরণের পর ৬ লাখ টাকার বিনিময়ে সেখান থেকে মুক্তি পেয়েছেন বাংলাদেশের ফরিদপুরের বাসিন্দা বসির মোল্লা। তার সঙ্গে ছিলেন ইলিয়াস নামে আরেক যুবক।

ভারতীয় গণমাধ্যম জানিয়েছে, কলকাতা থেকে উত্তর ২৪ পরগনায় নিয়ে গিয়ে ব্যবসায়ী বশির ও তার এক সঙ্গীকে অপহরণ করেন বাংলাদেশেরই আরেক যুবক। চোখ বেঁধে একটি অজানা জায়গায় বন্দি করে রাখা হয় তাদের। তারপর মাথায় রিভলভার ঠেকিয়ে চাওয়া হয় ৫০ লাখ টাকা। শেষ পর্যন্ত চুক্তি হয় ৬ লাখে।

কলকাতায় ফিরে আসার পর বশির এন্টালি থানায় অভিযোগ দায়ের করেন। সেই অভিযোগের ভিত্তিতে শুরু হয়েছে তদন্ত। ইতিমধ্যে সেলিম নামে এক অপহরণকারীকে তিনি শনাক্তও করেছেন।

বশিরের অভিযোগ, তার কাছে টাকা আছে জেনেই সেলিমরা তাকে অপহরণের ছক কষে।      

কলকাতা পুলিশ জানিয়েছে, শিয়ালদহ এলাকায় বশিরের সঙ্গে দেখা হয় সেলিম নামে পূর্ব পরিচিত এক বাংলাদেশি যুবকের। বশির, সেলিম ও ইলিয়াসের বাংলাদেশে কাপড়ের ব্যবসা আছে। সেই সূত্র ধরে তারা নিজেদের মধ্যে যোগাযোগ রাখেন। একসঙ্গে মধ্যপ্রাচ্যেও থেকেছেন। তবে এখন সেলিম দক্ষিণ ২৪ পরগনার ক্যানিংয়ের কাছে থাকেন।

সেলিম ও তার সঙ্গীদের সঙ্গে দেখা হওয়ার পর বশিররা শিয়ালদহের একটি শপিং মলে খাওয়াদাওয়া করেন। সেখানেই গল্প করার সময় বশির সেলিমকে জানান, তিনি গয়না কেনার জন্য এসেছেন। এরপরই তাকে অপহরণের ছক কষা হয়।