আওয়ামী লীগ দল সামলাতে পারছে না: ফখরুল

আওয়ামী লীগ দল সামলাতে পারছে না মন্তব্য করে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, আওয়ামী লীগ নেতাকর্মীদের বিএনপিতে আসার অবস্থা তৈরি হয়েছে।

বুধবার বেলা ১১টার দিকে নারায়ণগঞ্জ মহানগর বিএনপির উদ্যোগে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

অনেকে বিএনপি থেকে আওয়ামী লীগে আসার জন্য যোগাযোগ করছেন- তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদের এমন বক্তব্যে জবাবে ফখরুল বলেন, ‘বিএনপি থেকে নয়, এখন আওয়ামী লীগ থেকে নেতাকর্মীদের বিএনপিতে আসার অবস্থা তৈরি হয়েছে।’

বিএনপির সিনিয়র নেতাদের পদত্যাগের বিষয়ে আরেক প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘বিএনপির সিনিয়র নেতারা পদত্যাগ করেছেন এটা আপনারা বলছেন, আমি কিন্তু এখনো জানি না।’

দলে বিভক্তির সৃষ্টি হয়েছে, তারেক রহমান দল চালাতে পারছেন না- আওয়ামী লীগ নেতাদের এমন বক্তব্যের জবাবে বিএনপি মহাসচিব বলেন, ‘এসব কথা বলাতে তারা (আওয়ামী লীগ) অভ্যস্ত। কারণ তারা নিজেদের দল সামলাতে পারছে না। প্রতিদিন যুবলীগ সম্মেলন নিয়ে মারামারি করছে। তাদের পতন ঢেকে রাখার জন্য তারা অহেতুক মিথ্যা কথা বলছেন।’

তিনি বলেন, ‘আওয়ামী লীগ প্রমাণ করেছে তারা রাজনৈতিক দল হিসেবে দেউলিয়া হয়ে গেছে। রাষ্ট্র পরিচালনা করতে গিয়ে তারা দেশের মানুষের অধিকার হরণ করেছে। গণতন্ত্রের সমস্ত প্রতিষ্ঠানগুলোকে ধ্বংস করে দিয়েছে। বাংলাদেশকে একটি ব্যর্থ রাষ্ট্রে পরিণত করার জন্য তারা কাজ করছে।’

ফখরুল বলেন, ‘অত্যন্ত দুঃখের সঙ্গে বলতে হয়- স্বাধীনতার যে চেতনা নিয়ে আমরা যুদ্ধ করেছিলাম এবং পরবর্তীকালে স্বৈরাচারের বিরুদ্ধে লড়াই করেছিলাম, সেই স্বৈরাচারকে সঙ্গে নিয়ে আওয়ামী লীগ সরকার গঠন করেছিল। পরবর্তীতে ভোট ডাকাতি করে তাদেরকে নিয়ে সংসদে গেছে।’

‘তাদেরই মহাসচিব (জাপা মহাসচিব মসিউর রহমান রাঙ্গা) কয়েকদিন আগে গণতন্ত্রকে অত্যন্ত ন্যক্কারজনকভাবে আক্রমণ করেছেন। তিনি আমাদের প্রিয় নূর হোসেন, যিনি স্বৈরাচারবিরোধী আন্দোলনের প্রতীক ছিলেন, তার বিরুদ্ধে কতগুলো কথা বলেছেন। এ কথাগুলো সম্পূর্ণভাবে রাজনৈতিক শিষ্টাচারবহির্ভূত। তার এই কথাগুলো গণতান্ত্রিক আন্দোলনকে পুরোপুরি অপমান করা, দেশের গণতন্ত্রপন্থী মানুষকে অপমান করা’ যোগ করেন তিনি।

এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ মহানগর বিএনপির সভাপতি আবুল কালাম, সাধারণ সম্পাদক এটিএম কামাল, বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক শহিদুল ইসলাম বাবুল ও ওলামা দলের আহ্বায়ক মাওলানা শাহ মো. নেসারুল হক প্রমুখ।