এবার দাবি আদায়ের কর্মসূচি খুলনা বিশ্ববিদ্যালয়ে

‘রাজনীতিমুক্ত’ খুলনা বিশ্ববিদ্যালয়ে (খুবি) বিভিন্ন দাবিতে শিক্ষার্থীরা রাস্তায় নেমেছেন। তারা ছাত্রবিষয়ক পরিচালকের মাধ্যমে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. হায়েক উজ্জামানের কাছে বিভিন্ন দাবি নিয়ে স্মারকলিপি দিয়েছেন।

এর আগে বিশ্ববিদ্যালয়ের হাদ্বী চত্বরে শিক্ষার্থীরা তাদের দাবি-দাওয়া নিয়ে সমাবেশ করেন।

বুধবার দুপুরে উপাচার্য বরাবর তৈরি করা স্মারকলিপি ছাত্রবিষয়ক পরিচালক অধ্যাপক মো. শরীফ হাসান লিমনের হাতে তুলে দেন তারা।

এ সময় বিভিন্ন ডিসিপ্লিনের শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।     

স্মারকলিপির  দাবিগুলোর  মধ্যে রয়েছে, আবাসন সংকটের তীব্রতা কমানো, বেতন ফি অস্বাভাবিক হারে বৃদ্ধি বন্ধ, বিশ্ববিদ্যালয়ের চিকিৎসা ব্যবস্থার উন্নয়ন, অগ্রাধিকারভিত্তিতে অবকাঠামো নির্মাণ এবং নির্ধারিত সময়ের মধ্যে স্বচ্ছতাসহ অবকাঠামোগত প্রকল্প বাস্তবায়ন, ছাত্রবিষয়ক ব্যবস্থাপনার সিদ্ধান্ত গ্রহণে শিক্ষার্থীদের অর্ন্তভূক্তকরণ ও অবহিতকরণ।

এ সময় ছাত্রবিষয়ক পরিচালকের সঙ্গে শিক্ষার্থীরা দাবিদাওয়া নিয়ে আলোচনা করেন। শিক্ষার্থীরা তাদের বিভিন্ন সমস্যার কথা তার কাছে তুলে ধরেন।

ছাত্রবিষয়ক পরিচালক অধ্যাপক মো. শরীফ হাসান লিমন দাবির সঙ্গে সহমত প্রকাশ করেন। তিনি স্মারকলিপি বিশ্ববিদ্যালয়ের  উপাচার্যের কাছে পৌঁছে দেবেন বলে জানান।   

শিক্ষার্থীরা জানান, প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে ২১ নভেম্বর। এর আগেই ছাত্রবিষয়ক পরিচালক উপাচার্যের সঙ্গে আমাদের সমস্যাগুলো নিয়ে বসবেন। তিনি কী কী পদক্ষেপ নেওয়া হলো তা আমাদের জানাবেন। যদি প্রশাসনের পদক্ষেপ সন্তোষজনক না হয় তাহলে আমরা পরবর্তী আন্দোলনের কর্মসূচি ঘোষণা করব।