হাসপাতালের চিকিৎসকরা নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা করলেও খালেদা জিয়ার স্বাস্থ্যের কোনো উন্নতি হচ্ছে না দাবি করে তার বোন সেলিমা ইসলাম সাংবাদিকদের বলেন ‘তার শরীর ভালো না। হাতের আঙুলগুলো বেঁকে গেছে। পায়ের আঙুলগুলোও বেঁকে গেছে প্রায়। অসম্ভব ব্যথা অনুভব করছেন খালেদা জিয়া। নিজে উঠে দাঁড়াতে পারছেন না, সোজা হয়ে বসতে পারছেন না’। জরুরি ভিত্তিতে তার উন্নত চিকিৎসা দরকার বলে মন্তব্য করেন তিনি।
বুধবার বিকেলে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইউ) হাসপাতালে চিকিৎসাধীন সাবেক প্রধানমন্ত্রী কারাবন্দী খালেদা জিয়ার সঙ্গে সাক্ষাৎ করতে যান তার স্বজনরা। সাক্ষাৎ শেষে খালেদা জিয়ার বোন সেলিমা ইসলাম সাংবাদিকদের এসব বলেন।
সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে সেলিমা ইসলাম বলেন, ‘যদি তার জামিন হয় নিশ্চয়ই তিনি উন্নত চিকিৎসার জন্য বিদেশে যাবেন। পরিবারের পক্ষ থেকে তাকে বিদেশে পাঠানো হবে।’
বিকেল তিনটার দিকে পরিবারের সদস্যরা বিএসএমএমইউতে আসেন। সেখানে ঘণ্টাখানেক অবস্থান করে ফিরে যান তারা। এ সময় খালেদা জিয়ার স্বজনরা ছাড়াও উপস্থিত ছিলেন বিএনপি চেয়ারপারসনের প্রেস উইং সদস্য শামসুদ্দিন দিদার।