এডিস মশা নির্মূলে সব সিটি করপোরেশন ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে কার্যক্রম অব্যাহত রাখার সুপারিশ করেছে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি। গতকাল বুধবার জাতীয় সংসদ ভবনে অনুষ্ঠিত কমিটির চতুর্থ বৈঠকে এ সুপারিশ করা হয়।
স্থায়ী কমিটির সভাপতি খন্দকার মোশাররফ হোসেনের সভাপতিত্বে বৈঠকে উপস্থিত ছিলেন সদস্য মো. তাজুল ইসলাম, স্বপন ভট্টাচার্য, শেখ আফিল উদ্দিন, রেবেকা মমিন, মো. শাহে আলম ও মো. ছানোয়ার হোসেন।
বৈঠকে ঢাকা ওয়াসার পানির মান যাচাই সাপেক্ষে শতভাগ বিশুদ্ধ পানি সরবরাহের বিষয়ে আলোচনা হয়। এ সময় সংশ্লিষ্ট কর্তৃপক্ষ থেকে জানানো হয়, শতভাগ বিশুদ্ধ পানি নগরবাসীর উদ্দেশে সরবরাহের লক্ষ্যে ঢাকা ওয়াসা প্রতিনিয়ত কাজ করে যাচ্ছে এবং যেসব এলাকায় পুরনো পাইপলাইনের কারণে পানির মান বজায় রাখা সম্ভব হচ্ছে না, সেসব এলাকায় পাইপলাইন পরিবর্তনের ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।
ওয়াসার পুরনো পাইপলাইন পরিবর্তন করে শতভাগ বিশুদ্ধ পানি সরবরাহ নিশ্চিত করতে এ কাজ দ্রুত শেষ করার সুপারিশ করে স্থায়ী কমিটি। এছাড়া ভূগর্ভস্থ পানির ব্যবহার কমিয়ে এর বৃদ্ধির বিষয়ে কমিটি গুরুত্বারোপ করে।