কাউন্সিলর নাঈমকে গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন

ঢাকা উত্তর সিটি করপোরেশনের ৪৯নং ওয়ার্ড কাউন্সিলর আনিছুর রহমান নাঈমের ‘জমি দখল’ ‘চাঁদাবাজি’সহ বিভিন্ন অভিযোগ তুলে ধরে তাকে গ্রেপ্তার দাবিতে মানববন্ধন করেছেন এলাকাবাসী। গতকাল বুধবার সকালে রাজধানীর বিমানবন্দর গোলচত্বরের সামনে কয়েকশ মানুষের অংশগ্রহণে মানববন্ধন অনুষ্ঠিত হয়।

এলাকাবাসীর অভিযোগ, দক্ষিণ খান থানা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি নাঈম ও তার লোকজন দীর্ঘদিন ধরে বিমানবন্দর মোড়ের মসজিদ কমপ্লেক্স, ফুটপাত, পাবলিক টয়লেট, রাস্তা, সাইনবোর্ড, খাসজমি ও সাধারণ মানুষের জমি দখল করে বিভিন্ন অপরাধ কর্মকা- চালিয়ে আসছে।

মানববন্ধনে অভিযোগ করা হয়, কাওলা এলাকায় আশিয়ান সিটির প্রবেশমুখের কাছে প্রায় পাঁচ বিঘা জমি দখল করেছেন নাঈম ও তার লোকজন। সেখানে অবৈধ বাস টার্মিনাল ও রিকশা গ্যারেজ করে ভাড়া দেওয়া হয়েছে। কাউন্সিলরের কার্যালয়ও করা হয়েছে সেখানে। এ ছাড়া কাওলাবাজার এলাকাতেও নাঈমের একটি কার্যালয় রয়েছে।

মিনারা বেগম নামে এক বাসিন্দা বলেন, ‘আমার জমি দখল করে সেখানে বাড়ি করেছেন কাউন্সিলর নাঈম। আলিশান এ বাড়ির নাম রেখেছেন হোয়াইট হাউস।’ ইঞ্জিনিয়ার নাজমুল আজম প্রিন্স নামে আরেক বাসিন্দা বলেন, ‘বাবুস সালাম ওয়াকফ এস্টেট মার্কেটের দ্বিতীয় তলায় এয়ারপোর্ট রেস্তোরাঁ ও তৃতীয় তলায় দাওয়াত রেস্টহাউস তার নিয়ন্ত্রণে রেখেছে দীর্ঘদিন ধরে। আমি বহুবার চেষ্টা করেও সেটি উদ্ধার করতে পারিনি।’

মানববন্ধনে আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউটের সাবেক পরিচালক ড. হারুনুর রশিদ, মো. মজিবুর রহমান, মনোয়ারা বেগম, এম এ ছাদেক, ডা. রোজিনা আক্তারসহ অনেক ভুক্তভোগী। কাউন্সিলর নাঈম তাদের প্রত্যেকের জমি ও বাড়ি দখল করেছেন বলে অভিযোগ করেন তারা।

মানববন্ধনে বক্তারা আরও অভিযোগ করে বলেন, নাঈম ও তার লোকজন কিছুদিন আগে স্থানীয় বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা স্কুল ও কলেজের পাশের মাঠে তাঁতমেলার নামে মেলা বসিয়ে জুয়ার আসর চালাতেন।

মানববন্ধনে আসা লোকজন সাংবাদিকদের বলেন, বিমানবন্দর এলাকায় চাঁদাবাজি সম্পর্কিত পুলিশের প্রতিবেদনে নিজস্ব লোক দিয়ে নাঈমের চাঁদাবাজির বিষয়টি উঠে এসেছে। তারপরও কোনো ব্যবস্থা নেওয়া হচ্ছে না তার বিরুদ্ধে।