জাতীয় পার্টির ছাত্রসংগঠন ছাত্রসমাজকে লাঠিয়াল বাহিনী হিসেবে দেখতে চান না দলটির চেয়ারম্যান জি এম কাদের।
বুধবার রাজধানীর রমনা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে ছাত্রসমাজের কেন্দ্রীয় সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা জানান।
জাপা চেয়ারম্যান বলেন, ‘আমরা চাই ছাত্রসমাজ লেখাপড়ার পাশাপাশি নিজেদের নেতৃত্বের বিকাশ ঘটাবে। এ দেশে ছাত্রদের গৌরবোজ্জ্বল ঐহিত্য ছিল। তারা শুধু নিজের অধিকার নয়, জাতীয় স্বার্থে আন্দোলন-সংগ্রাম করে জীবন উৎসর্গ করেছে। কিন্তু বর্তমানে ছাত্রদের ঐতিহ্য কিছুটা মস্নান। এখন সাধারণ মানুষ ছাত্রদের ভয় পায়। সম্মানের পরিবর্তে আতঙ্ক মনে করে। এ অবস্থার পরিবর্তন ঘটাতে হবে।’
তিনি বলেন, ‘মেধা ও দেশপ্রেম দেখে আগামী দিনে ছাত্রসমাজের নেতৃত্ব নির্বাচন করতে হবে। এখন রাজনৈতিক দলগুলো থেকে সাধারণ মানুষ মুখ ফিরিয়ে নিয়েছে। তারা জাতীয় পার্টিকে শক্তিশালী দেখতে ও আস্থা রাখতে চায়। আশা করি, ছাত্রসমাজের নেতাকর্মীরা তাদের এ প্রত্যাশা পূরণ করবে।’
জি এম কাদের আরও বলেন, ‘এরশাদ আমাদের আদর্শ ও প্রেরণা। তার অসমাপ্ত কাজ শেষ করতে আমরা আমরণ কাজ করে যাব।’
সম্মেলনে জাপা মহাসচিব মসিউর রহমান রাঙ্গা এমপি বলেন, ‘এ দেশে ছাত্রসামজ কখনো হল দখল করে না, টেন্ডার, সন্ত্রাস ও চাঁদাবাজি করে না। এ ঐতিহ্য অব্যাহত রেখে জনগণের আস্থা অর্জন করতে হবে।’
সম্মেলনে বক্তব্য দেন জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য জিয়াউদ্দিন আহমেদ বাবলু, সৈয়দ আবু হোসেন বাবলা এমপি, এস এম ফয়সল চিশতী, রেজাউল ইসলাম ভূঁইয়া প্রমুখ।