নান্দীমুখের পথচলার তিন দশক উপলক্ষে ‘নান্দীমুখ আন্তর্জাতিক নাট্যোৎসব ২০১৯’ শুরু হচ্ছে আজ বৃহস্পতিবার। চট্টগ্রাম শিল্পকলা একাডেমি মিলনায়তনে উৎসব চলবে ২২ নভেম্বর পর্যন্ত। ভারত, ইরান, স্পেন ও বাংলাদেশের আটটি নাট্যদল নিজেদের প্রযোজনা মঞ্চস্থ করবে। এ ছাড়া ‘বাংলা রাজনৈতিক থিয়েটার ও উৎপল দত্ত’ শীর্ষক আন্তর্জাতিক সেমিনার অনুষ্ঠিত হবে। পাশাপাশি বরাবরের মতো দেশের চার প্রতিশ্রুতিশীল নাট্য নির্দেশক নান্দীমুখ সম্মাননা পাবে। এ বছর সম্মাননা পাচ্ছেন স্বপন ভট্টাচার্য, ত্রপা মজুমদার, অসীম দাশ ও মোসলেম উদ্দিন সিকদার।
আজ বৃহস্পতিবার বিকেল সাড়ে ৫টায় উৎসব উদ্বোধন করবেন বাংলাদেশ গ্রুপ থিয়েটার ফেডারেশনের চেয়ারম্যান লিয়াকত আলী লাকী। প্রধান অতিথি থাকবেন নাট্যব্যক্তিত্ব ও বিশ্ব আইটিআইর সভাপতি রামেন্দু মজুমদার। অতিথি থাকবেন ভারতীয় দূতাবাস চট্টগ্রামের সহকারী হাইকমিশনার শ্রী অনিন্দ্য ব্যানার্জি ও নাট্য গবেষক আশীষ গোস্বামী। উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন নান্দীমুখের দলীয় প্রধান অভিজিৎ সেনগুপ্ত।
প্রথম দিন আয়োজক সংগঠক নান্দীমুখ মঞ্চস্থ করবে ‘আমার আমি’। পরদিন সকাল ১০টায় সেমিনারে প্রবন্ধ উপস্থাপন করবেন নাট্য গবেষক আশীষ গোস্বামী। আলোচক হিসেবে থাকবেন কলকাতার ভাবনা থিয়েটার পত্রিকার সম্পাদক অভিক ভট্টাচার্য ও ড. কুন্তল বড়ুয়া। ১৬ নভেম্বর তির্যক নাট্যগোষ্ঠী মঞ্চস্থ করবে ‘রোমিও জুলিয়েট’, ১৭ নভেম্বর ভারতের আমতা পরিচয় মঞ্চস্থ করবে ‘সাবিত্রীবাঈ ফুলে’, ১৮ নভেম্বর ভারতের প্রান্তিক মঞ্চস্থ করবে ‘গওহরজান’, ১৯ নভেম্বর স্পেনের মুন প্যালেস মঞ্চস্থ করবে ‘ডিলেমাস উইথ মাই ফ্লামেনকো টেইলকোট’, ২০ নভেম্বর ভারতের চাকদহ নাট্যজন মঞ্চস্থ করবে ‘বিল্বমঙ্গল’। ২১ নভেম্বর ইরানের ক্রেজি বডি গ্রুপ মঞ্চস্থ করবে ‘মিস্ট্রিয়াস গিফট’, ২২ নভেম্বর ভারতের জ্যোতি ডোগরা পরিবেশন করবে ‘ব্ল্যাক হোল’।