রোহিঙ্গাদের ভোটার করা ও জাতীয় পরিচয়পত্র (এনআইডি) জালিয়াতি মামলায় নির্বাচন কমিশনের (ইসি) আরও দুই কর্মচারীকে গ্রেপ্তার করেছে পুলিশ। গত মঙ্গলবার বিকেলে ওই দুই কর্মচারীকে তাদের নিজ নিজ কার্যালয় থেকে আটক করে মামলার তদন্তকারী সংস্থা সিএমপির কাউন্টার টেররিজম ইউনিট। বুধবার তাদের গ্রেপ্তার দেখিয়ে আদালতে রিমান্ডের আবেদন জানানো হয়। চট্টগ্রাম মহানগর হাকিম সরওয়ার জাহানের আদালত ওই দুজনকে ৭ দিনের রিমান্ড মঞ্জুর করেন।
গ্রেপ্তাররা হলেন, চট্টগ্রাম জেলা নির্বাচন কর্মকর্তার কার্যালয়ের উচ্চমান সহকারী মো. আবুল খায়ের ভূঁইয়া (৪৫)। মিরসরাই উপজেলা নির্বাচন কর্মকর্তার কার্যালয়ের অফিস সহকারী আনোয়ার হোসেন (৪৫)।
কাউন্টার টেররিজম ইউনিটের পরিদর্শক রাজেশ বড়য়া বলেন, এনআইডি সংক্রান্ত এই মামলায় আমরা এ পর্যন্ত যাদের গ্রেপ্তার করেছি তাদের মধ্যে জয়নাল, ফারুক, শাহনুর আদালতে ঘটনার সঙ্গে জড়িত থাকার দায় স্বীকার করে জবানবন্দি দিয়েছেন। তাদের জবানবন্দি এবং অন্য আসামিদের জিজ্ঞাসাবাদে পাওয়া তথ্যের ভিত্তিতে আবুল খায়ের ভূঁইয়া ও আনোয়ার হোসেনকে গ্রেপ্তার করা হয়েছে। সরকারি চাকরি বিধিমালা-২০১৮-এর ৪১ ধারা অনুযায়ী, ইসি সচিবালয়ের অনুমতির পর তাদের গ্রেপ্তার করা হয়।