রাতে বাংলাদেশ-ওমান লড়াই

বিশ্বকাপ ও এশিয়ান কাপের বাছাইয়ে আরও একটি কঠিন পরীক্ষার মুখোমুখি হতে যাচ্ছে বাংলাদেশ জাতীয় ফুটবল দল। বৃহস্পতিবার রাতে স্বাগতিক ওমানের সঙ্গে লড়াইয়ে নামবে লাল-সবুজরা।

মাস্কটে সুলতান কাবুস স্পোর্ট কমপ্লেক্সে ‘ই’ গ্রুপে নিজেদের চতুর্থ ম্যাচে বাংলাদেশ সময় রাত ৯টায় মুখোমুখি হবে দল দুটি।

ফিফা র‍্যাঙ্কিংয়ে ওমান থেকে বাংলাদেশ অনেক পিছিয়ে। ওমান যেখানে র‍্যাঙ্কিংয়ের ৮৪তম দল, জেমি ডে’র শিষ্যরা সেখানে ১৮৪তম দল! তাছাড়া গ্রুপে এখন পর্যন্ত অন্যতম সফল দল ওমান। তিন ম্যাচ খেলে দুই জয়ে ৬ পয়েন্ট নিয়ে তালিকার দ্বিতীয়স্থানে আছে তারা। আর বাংলাদেশ এক ড্রয়ে ১ পয়েন্ট নিয়ে আছে তলানিতে।

প্রতিপক্ষ থেকে যোজন যোজন পিছিয়ে থাকলেও ম্যাচটি নিয়ে আশাবাদী বাংলাদেশ কোচ জেমি ডে। ওমানে আগেভাগে যাওয়ার সুবিধাটা কাজে লাগাতে পারবে বলে মনে করেন তিনি।

“সাধারণভাবেই শুধু অনুশীলন করছি। কৌশল যা আছে তাই। শুধু ওমানের সঙ্গে সব পয়েন্ট খোয়াতে চাই না। সেভাবেই প্রস্তুতি নিচ্ছি।”

“আমাদের সবচেয়ে কঠিন ম্যাচ হতে চলেছে। আমরা কাতারের সঙ্গে হোম ম্যাচে ভালো খেলেছি হোম অ্যাডভানটেজ নিয়ে। আমরা সম্প্রতি যা করেছি, সেটার দিকেই পূর্ণ মনোযোগ দিতে হবে। কৌশল নিয়ে খুবই স্ট্রিক্ট থাকতে হবে।”

ভারতের বিপক্ষে সবশেষ ম্যাচে বাংলাদেশ এগিয়ে গিয়েও ড্র করে। দলের একমাত্র গোলদাতা সাদ উদ্দিন আরও একবার গোল উদযাপন করতে মরিয়া, “এখানে আগেভাগে আসার কারণে আবহাওয়ার সঙ্গে ভালোভাবে মানিয়ে নিয়েছি। সবাই ফিট আছে। আশা করছি এই ম্যাচেও ইতিবাচক একটা ফল পাব। এই ম্যাচেও গোল করার চেষ্টা থাকবে। শুধু আমি না, পুরো দলই চেষ্টা করবে সেরাটা দিতে।”

ওমানকে রুখে দেওয়ার ব্যাপারে আশাবাদী অধিনায়ক জামাল ভূঁইয়াও, “ম্যাচটি কঠিন হতে চলেছে। আমরা জানি ওমান একটি সংগঠিত দল। তাদের ভালো স্কোরার আছে, যারা স্কোর করতে পারে। আমাদের টার্গেট থাকবে তাদের থামানো। আমরা তাদের দুর্বলতা ও শক্তির জায়গাগুলো নিয়ে কাজ করেছি। এই ম্যাচে আমাদের পূর্ণ আত্মবিশ্বাস নিয়ে মাঠে নামতে হবে। তাদের হারাতে হলে আমাদের চান্সগুলো কাজে লাগাতে হবে। যে চান্সগুলো পাব, সেখান থেকে কাজে লাগাতে পারলে আমরা ভালো রেজাল্ট নিয়ে ফিরতে পারব।”