পৃথিবীতে প্রতিষ্ঠান হিসেবে সবচেয়ে বেশি প্লাস্টিক দূষণ করে এমন পাঁচ প্রতিষ্ঠানকে চিহ্নিত করেছে বিশ্বব্যাপী প্লাস্টিক দূষণের বিরুদ্ধে গড়ে ওঠা আন্দোলন ব্রেক ফ্রি ফ্রম প্লাস্টিক (বিএফএফপি)। এক প্রতিবেদনে তারা জানিয়েছে, এ পাঁচ প্রতিষ্ঠান হলো কোকাকোলা, ইউনিলিভার, নেসলে, পেপসিকো ও মোন্ডালেজ ইন্টারন্যাশনাল।
বৃহস্পতিবার জাতীয় প্রেসক্লাবের সামনে এক মানববন্ধনে এ তথ্য জানায় বিএফএফ'র সহযোগী প্রতিষ্ঠান এনভায়রনমেন্ট অ্যান্ড সোশ্যাল ডেভলপমেন্ট অর্গানাইজেশন (ইএসডিও)।
বিশ্বব্যাপী সিঙ্গেল ইউজ প্লাস্টিকের ব্যবহার রোধে সচেতনতা সপ্তাহের অংশ হিসেবে মানববন্ধনটির আয়োজন করা হয়।
বিশ্ব পরিচ্ছন্নতা দিবস উপলক্ষে ২১ সেপ্টেম্বর পৃথিবীব্যাপী এক সমীক্ষা চালায় একাধিক ব্যক্তি ও প্রতিষ্ঠান। ওই সমীক্ষায় মাত্রাতিরিক্ত সিঙ্গেল ইউজ প্লাস্টিক ব্যবহারকারী প্রতিষ্ঠানগুলোকে চিহ্নিত করা হয়।
মোট ৫১ দেশের ৪৮৪ পণ্যের ব্র্যান্ডের ওপর পরিচালিত সমীক্ষায় কাজ করেন ৭২ হাজার ৫৪১ জন স্বেচ্ছাসেবী। নমুনা হিসেবে তারা সংগ্রহ করেন ৪ লাখ ৭৬ হাজার ৪২৩টি প্লাস্টিক বর্জ্যের নমুনা।
যার ৪৩ শতাংশই ছিল নির্দিষ্ট প্রতিষ্ঠানের ব্র্যান্ড সম্বলিত।
প্রাপ্ত তথ্যে দেখা যায়, সিঙ্গেল ইউজ প্লাস্টিক দূষণের সবচেয়ে বড় দূষণকারী কোকাকোলা, দ্বিতীয় অবস্থানে রয়েছে ইউনিলিভার।
বৃহস্পতিবারের মানববন্ধনে অংশ নেন শতাধিক গার্লস গাইড ও ইএসডিও'র সদস্যরা অংশ নেন।
এক প্রেস ব্রিফিংয়ে ইএসডিও জানিয়েছে, প্রতিদিনই প্লাস্টিক দূষণের পরিমাণ বাড়ছে।