আগের দিন কিরগিজস্তানের বিপক্ষে ঘুরে দাঁড়িয়ে দারুণ জয় তুলে নিয়েছিল বাংলাদেশের মেয়েরা। বৃহস্পতিবার বঙ্গমাতা এশিয়ান সিনিয়র ওমেন্স সেন্ট্রাল জোন আন্তর্জাতিক ভলিবল একই প্রতিপক্ষের বিপক্ষে তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচে মুখোমুখি হয় বাংলাদেশ। সরাসরি সেটে হেরে ৫ দলের এই প্রতিযোগিতায় চতুর্থ হয়েছে স্বাগতিকেরা।
মিরপুরের শহীদ সোহরাওয়ার্দী ইনডোর স্টেডিয়ামে এদিন দিনের প্রথম ম্যাচে মুখোমুখি হয় বাংলাদেশ ও কিরগিজস্তান। আগের দিন ৩-২ সেটে হারলেও এদিন ৩-০ সেটে জয় তুলে নেয় কিরগিজস্তানের মেয়েরা।
প্রথম সেট ২৫-১৩, দ্বিতীয় সেট ২৫-১৪ ও তৃতীয় সেট ২৫-১২ পয়েন্টে হেরে যায় মেয়েরা। সব মিলিয়ে পাঁচ ম্যাচে দুই জয় ও তিন হার নিয়ে টুর্নামেন্ট শেষ করল বাংলাদেশ।
এদিকে তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচের পর প্রতিযোগিতার ফাইনাল অনুষ্ঠিত হয়। যেখানে ৩-০ সেটে মালদ্বীপকে হারিয়ে অপরাজিত চ্যাম্পিয়ন হয় নেপাল। প্রথম সেট ২৫-১৩, দ্বিতীয় সেট ২৫-১২ এবং তৃতীয় সেট ২৫-০৮ ব্যবধানে জিতে নেপাল। সব মিলিয়ে পাঁচ ম্যাচের সবগুলোই জয় তুলে নিয়েছে দলটি। রানার্সআপ মালদ্বীপ পাঁচ ম্যাচের মধ্যে ৩টিতে জয় পায়, হারে দুটিতে।
নেপাল কোচ জগদীশ প্রসাদ বলেন, ‘আমি খুবই খুশি। কারণ এটা নেপালের ভলিবলের জন্য ঐতিহাসিক মুহূর্ত। ভলিবল নেপালের জাতীয় খেলা ঘোষণার পর এই সাফল্য এল। ডিসেম্বরের এসএ গেমসের জন্য এই জয় আমাদের বাড়তি আত্মবিশ্বাস জোগাবে।’