দুতার্তের শারীরিক অবস্থা নিয়ে ধোঁয়াশা

ফিলিপাইনের প্রেসিডেন্ট রদ্রিগো দুতার্তের শারীরিক অবস্থা নিয়ে ধোঁয়াশা সৃষ্টি হয়েছে। প্রায় এক সপ্তাহ ধরে তিনি বাইরে না আসার প্রেক্ষিতে বিষয়টি নিয়ে আলোচনা শুরু হয় ফিলিপাইনসহ সারাবিশ্বে। তিন দিন আগে তার মুখপাত্রের এক ঘোষণার পরে এই আলোচনা আরও ডালপালা মেলতে শুরু করে।

বিবিসির খবরে বলা হয়েছে, তিন দিন আগে সালভাদর প্যানেলো নামের ওই মুখপাত্র জানান, প্রেসিডেন্ট দুতার্তে বিশ্রামে আছেন। ৭৪ বছর বয়সী প্রেসিডেন্ট এখন বাইরে আসার অবস্থায় নেই। তবে সব ধরনের দাপ্তরিক কাজ তিনি ঘরে বসেই করছেন।

প্রেসিডেন্ট কেন বাড়িতে বসে কাজ করছেন বিবিসির এমন এক প্রশ্নের জবাবে সালভাদর বলেন, তিনি একটু নিরিবিলি থাকতে চান। তিনি যদি প্রেসিডেন্ট প্রাসাদে অবস্থান করতেন, তবে সারা দিনই তাকে নানা মানুষের সঙ্গে সাক্ষাৎ করতে হতো।

২০১৬ সালে ক্ষমতায় আসার পর মাদকের বিরুদ্ধে কঠোর অবস্থানের কারণে তিনি ‘দ্য পানিশার’ হিসেবে খ্যাতি লাভ করেন। তবে সেই সময় থেকেই তার শারীরিক সক্ষমতার বিষয়ে নানা আলোচনা-সমালোচনা চলছে।